২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ি থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

যশোরে এক যুবককে বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে পরিবার।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2015, 03:41 PM

Updated : 22 Aug 2022, 11:47 AM

তবে পুলিশ বলছে, নিহত ডলার (২৭) ডাকাতির প্রস্তুতির সময় গণপিটুনিতে মারা গেছেন। তার বিরুদ্ধে ডাকাতি ও হত্যাসহ সাতটি মামলা রয়েছে। শহরের আশ্রম রোডের মৃত মোসলেম উদ্দিনের ছেলে তিনি।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শেখ গনি মিয়া জানান, মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার বেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি বলেন, “ডলার কোতোয়ালি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরক আইনে সাতটি মামলা রয়েছে।”

ডলারের মা সখিনা বেগম বলেন, “মঙ্গলবার রাত দেড়টার দিকে শংকরপুর এলাকার গোলাম মোস্তফা, জাকির ও ফারুকসহ কয়েকজন বাড়িতে এসে ডলারকে ধরে নিয়ে যায়। এর ঘণ্টাখানেক পর ডলার হাসপাতালে মারা গেছে বলে খবর পাই।”

তার ছেলেকে পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন সখিনা বেগম।

তিনি আরো অভিযোগ করেন, এর আগে রোববার রাতে একই ব্যক্তিরা শান্তিশৃঙ্খলা কমিটির নামে বাড়িতে হানা দিয়ে তার আরেক ছেলে পলাশকে মারধর করে পুলিশে তুলে দেয়। ঠেকাতে গেলে সেদিন তাকেও মারধর করা হয়।

গোলাম মোস্তফা অভিযোগ অস্বীকার করে বলেন, রাত ১টার দিকে ডলারসহ কয়েকজন বেজপাড়া আনসার ক্যাম্পের সামনে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় শান্তিশৃঙ্খলা কমিটির সদস্যরা তাকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দেয়। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ঘণ্টাখানেক পর ডলার মারা যায়।