২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় পাঁচ ধর্ষকের ফাঁসির রায়

এক যুগ আগে এক কিশোরীকে ধর্ষণের দায়ে দুই ভাইসহ পাঁচ ধর্ষককে মৃত্যুদণ্ড দিয়েছে নেত্রকোণার একটি আদালত।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2015, 02:24 PM

Updated : 12 Oct 2022, 03:20 PM

পুরনো খবর:

হালুয়াঘাটে পাঁচজনকে হত্যা: ১৩ জনের যাবজ্জীবন

জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম আবুল কাশেম বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- পূর্বধলা উপজেলার কালডোয়ার গ্রামের শামীম, ভিকন রংদি, তার ভাই টিকন রংদি, তাপস শেমা, ও বুধি গ্রামের রূপ মিয়া। এদের সবার বয়স ১৭ থেকে ৩৫ বছরের মধ্যে।

আসামিদের মধ্যে রূপ মিয়া পলাতক। বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল আলম প্রদীপ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিচারক সর্বোচ্চ সাজার আদেশের পাশাপাশি আসামিদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করেছেন।

অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন এ মামলার আরেক আসামি পূর্বধলা গ্রামের একলাছ।

রায়ে বিচারক বলেন, “গণধর্ষণের এই ঘটনা অত্যন্ত চাঞ্চল্যকর, রোমহর্ষক, হৃদয় বিদারক, অমানবিক এবং সভ্য সমাজের কলঙ্কস্বরূপ।

২০০২ সালের ২০ জুলাই দুর্গাপুর উপজেলার কালিকাবর গ্রাম থেকে পূর্বধলা উপজেলার সাতপাটি গ্রামে বোন জামাইয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ধর্ষণের শিকার হয় ১৫ বছর বয়সী মেয়েটি।

মামলার নথি থেকে জানা যায়, ওই দিন বেড়াতে যাওয়ার পথে পূর্বধলার চৌরাস্তা এলাকা থেকে তাদের সঙ্গী হয় মেয়েটির খালাত বোনের স্বামী। রিকশায় করে যাওয়ার সময় রাত ১১টার দিকে কুমারখালি এলাকায় আসামিরা মেয়েটিকে রিকশা থেকে টেনে হিঁচড়ে রাস্তার পাশে একটি ঘরে নিয়ে যায়।

পরে সেখান থেকে তাকে অন্য জায়গায় নিয়ে ধর্ষণের পর মেয়েটিকে একটি বিলের পানিতে গোসল করানো হয়। পরে পুলিশ সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করে।

নির্যাতনের শিকার ওই কিশোরী পরদিন পূর্বধলা থানায় এই মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে একই বছরের ৮ নভেম্বর ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।