যশোর কোতোয়ালি থানার ওসি প্রত্যাহার
আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান খুন হওয়ার দিন যশোর কোতোয়ালি থানার ওসি ইনামুল হককে দায়িত্ব থেকে প্রত্যাহারের পর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকালে ওসি ইনামুল হককে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী সন্ধ্যায় তিনি থানার অপর পরিদর্শক (তদন্ত) শেখ গণি মিয়ার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
নতুন কেউ ওসি হিসেবে যোগদানের আগ পর্যন্ত পরিদর্শক (তদন্ত) ওসির দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।
ওসিকে প্রত্যাহার করার সঙ্গে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন খুনের কোনো সম্পর্ক আছে কি না জানতে চাইলে আরিফুল হক বলেন, এটি পুলিশের রুটিন ওয়ার্ক। এর সঙ্গে অন্য কোনো ঘটনা মিলিয়ে ফেলার দরকার নেই।
ইনামুল হক নিজেও কোতোয়ালি থানায় থাকতে চান না বলে জানান তিনি।
এ ব্যাপারে কথা বলতে পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মঙ্গলবার সকালে যশোর-মাগুরা সড়কের পাঁচবাড়িয়ার কাছে সদর উপজেলার ইছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনকে (৬০) গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বত্তরা।
মোশাররফ উপজেলার কিসমত রাজাপুর গ্রামের মোকাম মণ্ডলের ছেলে। তিনি ইছালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
