যুদ্ধাপরাধীদের ‘গুরুর’ বিচারের ইতি
বাংলাদেশের স্বাধীনতাবিরোধী হিসেবে যার নাম আসে সবার আগে, সেই গোলাম আযমের একাত্তরের যুদ্ধাপরাধের মামলার বিচারে আনুষ্ঠানিক ইতি ঘটেছে।
এই যুদ্ধাপরাধীর মৃত্যু হওয়ায় মঙ্গলবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ বিষয়ে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের দুই আপিল অকার্যকর ঘোষণার এই আদেশ দেয়।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসামিপক্ষে ছিলেন শিশির মনির।
একাত্তরের যুদ্ধাপরাধে ৯০ বছরের দণ্ড ভোগের মধ্যে গত ২৩ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মারা যান গোলাম আযম, মৃত্যুকালে যার আরও ৮৯ বছর কারাভোগ বাকি ছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
এর আগে সাজা ভোগকালে গত বছরের ৩০ অগাস্ট মারা যান দণ্ডিত যুদ্ধাপরাধী আবদুল আলীম। তার আপিলও বিচারাধীন ছিল। সেই আপিলের আনুষ্ঠানিক ইতি ঘটে কার্যতালিকায় আসার পর।
গোলাম আযমের যুদ্ধাপরাধের রায় দেওয়ার সময় বিচারক বলেছিলেন, আসামির সর্বোচ্চ শাস্তি পাওনা হলেও বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় তাকে ৯০ বছর কারাদণ্ড দেওয়া হল।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ে মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র ও পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতের তখনকার আমিরকে।
তার জন্য যে শাস্তি তাকে দেওয়া হয়, তা এক বছর তিন মাস খেটেই মারা যান তিনি। জীবদ্দশায় যিনি একাত্তরে বাঙালিদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য কখনও ক্ষমা কিংবা দুঃখ প্রকাশও করেননি।
