২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহাজারি-বিলাপে ভারী পাটুরিয়ার আকাশ

স্বজন হারানো মানুষের বিলাপ আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পদ্মা পাড়ের আকাশ-বাতাস; যেন একটা মরা বাড়িতে পরিণত হয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

হাসিবা আলী বর্ণা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2015, 08:01 PM

Updated : 12 Oct 2022, 03:19 PM

পুরনো খবর:

পাটুরিয়ায় ৬৯ লাশ উদ্ধার, অভিযান সমাপ্ত
লঞ্চডুবি: মা-মেয়েকে হারিয়ে স্তব্ধ জুলেখা

জীবিত বা মৃত- নিজের স্বজনদের খোঁজে উদ্ভ্রান্ত হয়ে ছোটাছুটি করছেন অসংখ্য আবালবৃদ্ধবণিতা।   

রোববার দুপুর ১২টার দিকে পাটুরিয়ার ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার ১০ মিনিটের মাথায় মাঝনদীতে দুর্ঘটনায় পড়ে এমভি মোস্তফা-৩ নামের লঞ্চটি। কমফোর্ট লাইন ও রাজধানী এক্সপ্রেস নামে দুটি বাসের দেড় শতাধিক যাত্রী ছিল লঞ্চটিতে।

নগরবাড়ী থেকে ঢাকাগামী কার্গো জাহাজ এমভি নার্গিস-১ লঞ্চটিকে ধাক্কা দিলে ডুবে যায়। সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৬৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

রোববার বিকালে পাটুরিয়ায় বিআইডব্লিউটিএর যাত্রী ছাউনীতে রাখা অনেক মৃতদেহের মাঝে স্বামী নাসিরউদ্দিনের লাশ নিয়ে মেয়ের মৃতদেহের জন্য অপেক্ষা করছিলেন শোকে পাগলপ্রায় সীমা আক্তার। লাশ সনাক্ত করার সময় তিনি স্বজনদের বারবার বলছিলেন, যেন তার মেয়ে লাইনাকে আস্তে ধরে নিয়ে আসা হয়, মেয়ে যদি ব্যথা পায়!

দুই মেয়েকে নিয়ে কুষ্টিয়ার বাড়িতে ফিরছিলেন নাসির (২৮)। লঞ্চডুবির পর থেকে কোনো সন্ধান ছিল না তাদের। তার মা, স্ত্রী ও বড় ভাই রাফি উদভ্রান্ত হয়ে পদ্মার তীরে তাদের সন্ধানে ছুটছিলেন। বিকাল নাগাদ নাসিরের লাশ মিললেও দুই মেয়ের কোনো খোঁজ মিলেনি।

Image
ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Image
ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাসিরের মৃতদেহ কুষ্টিয়ার বাড়িতে রেখে এসে সোমবার সকাল থেকে আবার নাসিরের দুই শিশু কন্যার সন্ধানে নামেন তারা। এক পর্যায়ে প্রায় অলৌকিকভাবে সুস্থ অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে গিয়ে আড়াই বছরের মেয়েকে খুজেঁ পান সীমা। প্রায় একই সময় উদ্ধারকারী জাহাজ রুস্তম এসে ডুবে যাওয়া লঞ্চটিকে টেনে ঘাটে ভেড়ানোর পর ছয় বছর বয়সী লাইনার মৃতদেহ পাওয়া যায়।

২৩ বছর বয়সে স্বামী ও সন্তানহারা সীমার আহাজারিতে ভারি হয়ে উঠছিল পদ্মা পাড়ের পাটুরিয়া ঘাটের বাতাস। শিশু লাইনার ছোট্ট নিথর দেহ বহন করে কুষ্টিয়ায় পথে রওনা হন তারা মা, চাচা ও দাদী। বাড়ি গিয়ে এক সঙ্গে বাবা-মেয়েকে কবর দেওয়া হবে।

এমন অনেক মানুষের কান্না, আর্তনাদ আর আহাজারিতে পাটুরিয়া যেন পুরোটাই এক মরা বাড়িতে পরিণত হয়েছে। ভিন্ন ভিন্ন এলাকার বাসিন্দা এরা, কিন্তু একই দুঃসহ অভিজ্ঞতার সহযাত্রী সবাই।

২৫ বছর বয়সী রুমা নানীর মৃত্যুর খবর পেয়ে সাত বছরের ছেলে উৎসব আর মাত্র আড়াই মাসবয়সী মেয়ে উষ্ণকে নিয়ে রাজবাড়ির গোয়ালন্দে যাচ্ছিলেন। স্বামী নূর হোসেন মোটরসাইকেলে করে ঘাটে পৌছেঁ দেন দেন তাদের।

কিছুক্ষণের মধ্যে নূর হোসেনের চোখের সামনে ডুবে যায় স্ত্রী-সন্তান সংসার; কিছুই করার থাকে না তার, মাথা চাপড়ে আর্তনাদ করা ছাড়া। সোমবার সকালে লঞ্চ টেনে তোলার পর একে একে মেলে তাদের তিনজনের লাশ ।

নূর হোসেনের বড় ভাই জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব নিমেষে ধ্বংস হয়ে গেল। অথচ এ সময় এটা হওয়ার কথা না, নদী সম্পূর্ণ শান্ত। এই নদীতে কীভাবে এমন ঘটনা ঘটে।”

ওই লঞ্চে থাকা স্বজনদের জন্য সোমবার বিকেল পর্যন্ত পদ্মার তীরঘেঁষে স্বজন খুজেঁ ফেরেন অনেকে।

সকালে ৬৯টি মৃতদেহ উদ্ধার শেষে লঞ্চের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হলেও পাটুরিয়া ঘাটে মৃতদেহ সনাক্তকরণের অস্থায়ী ছাউনীতে হারানো স্বজনদের খোঁজ করছিলেন তারা।

এবিষয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস জানান, নিখোঁজদের বিষয়ে স্বজনদের অভিযোগ নথি করে রাখছেন তারা। তবে নিখোঁজদের সংখ্যা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।

মায়ের লাশের খোঁজে ঘাটে বসে বিলাপ করছিলেন বিউটি বেগম।

Image
ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

“সবাই লাশ পাইছে, আমার মায়ের লাশ কই! আমার মা কই!’

বিউটির মা আনোয়ারা বেগম (৫৭) কিছুদিন আগে নড়াইল থেকে ঢাকার নবীনগরে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। ফেরার পথে সাতবছর বয়সী নাতনীকে নিয়ে লঞ্চডুবির শিকার হন তিনি। সোমবার সকালে এসে শিশুটির লাশের সন্ধান মিললেও আনোয়ারা বেগম তখনও নিখোঁজ।

লঞ্চডুবির পর থেকে এখনো নিখোঁজ রয়েছেন সোহরাব। এম এল মোস্তফায় বাবুর্চির কাজ করতেন তিনি। খবর পেয়ে স্ত্রী শয্যাশায়ী হওয়ায় তার স্বজনরা এসে ঘাটে খুঁজছিলেন।

তার শাশুড়ি আয়েশা খাতুন বিলাপ করছিলেন, “আল্লা আমার বেটা মিলায় দেও। ১০১ টাকা সদকা দিমু। হে খোদা যা করসো ... করসো, আমার বেটা ফিরায় দেও। মাটির নাগাল দেও…।”