২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চডুবি: মা-মেয়েকে হারিয়ে স্তব্ধ জুলেখা

মা-মেয়েকে হারিয়ে ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের চকভবানিপুর গ্রামের হতদরিদ্র পরিবারের মেয়ে জুলেখা বেগম শিল্পীর এখন শুধুই কান্না আর বিলাপ।

ফরিদপুর প্রতিনিধি

মফিজুর রহমান শিপন,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2015, 09:29 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

স্বজনরা আসছেন তার বাড়িতে, কিন্তু কারও মুখে সান্ত্বনার কোনো ভাষা নেই। তারও বাকরুদ্ধ হয়ে পড়ছেন শোকস্তব্ধ এই নারীর বিলাপে।

রোববার লঞ্চডুবিতে নিহত হন তার বিধবা মা মমতাজ বেগম (৫৬) ও মেয়ে নারগিস (১৩)।

ঢাকায় বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করেন শিল্পী। তার সঙ্গে দেখা করতেই মা মমতাজ ও মেয়ে নারগিস গিয়েছিলেন ঢাকা। সেখান থেকে বাড়ি ফেরার পথে পদ্মায় লঞ্চডুবি হয়।

শিল্পীর প্রতিবেশী আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জুলেখা বেগম শিল্পীর স্বামী একটি প্রতিষ্ঠানে প্রহরীর চাকরি করেন। তাদের চার সন্তানের মধ্যে নারগিস ছিল মেজ। সে স্থানীয় শিবরামপুর আরডিএ একাডেমির ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

সোমবার দুপুরে নিহত নানি-নাতনির লাশ শিল্পীর বাড়ি পৌঁছলে স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে পরিবেশ।

ঈশান গোপালপুরের ইউপি চেয়ারম্যান নূরুজ্জামান চৌধুরী পঙ্কজ জানান, “পরিবারটি আমার ইউনিয়নের মধ্যে সবচেয়ে হতদরিদ্র বলে মনে হয়। তাদের আরও সহায়তার জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এমনটি আশা করি।”