পেট্রোল বোমায় ক্ষুব্ধ জনতা
বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালে যানবাহনে নাশকতা ও পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে মাগুরার শ্রীপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জনতা।
সোমবার ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াপদা কামারখালী ব্রিজ থেকে রামনগর পর্যন্ত পাঁচ কিলোমিটার দীর্ঘ এলাকায় মানববন্ধনে অন্তত ১০ হাজার মানুষ অংশ নেয়।
শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে শিক্ষক, ছাত্র, ব্যবসায়ী এবং চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বেলা ১১টার দিক থেকে মহাসড়কে জড়ো হতে শুরু করে।
পরে বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কের দুপাশে তারা মানববন্ধন করেন।
মানববন্ধনে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশিং-এর সভাপতি হুমায়ুনুর রশীদ মুহিত। এছাড়া শ্রীপুর থানার ওসি শাহ মোহাম্মদ আওলাদ হোসেন এবং শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
এতে অংশ নেয়া সবাই পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে মারাসহ বিভিন্ন নাশকতাকে হরতাল-অবরোধের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করে সন্ত্রাসীদের বিরুদ্ধে সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ সময় তাদের পেট্রোল বোমা ও অগ্নিসংযোগের বিরুদ্ধে নানা স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন ব্যবহার করতে দেখা যায়।
