বাসে বোমা মারতে এসে তিন যুবক ধরা
বিএনপি জোটের অবরোধ-হরতালের মধ্যে রাজধানীর কলাবাগান এলাকায় বাসে হাতবোমা ছোড়ার সময় তিন যুবককে ‘হাতেনাতে’ আটক করেছে র্যাব।
র্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক মাকসুদুল আলম জানান, সোমবার ভোরের দিকে আটক ওই তিন যুবকের কাছে ১৮টি হাতবোমা পাওয়া গেছে।
এরা হলেন- মনির হোসেন (২৮), নূর ইসলাম (২৯) ও আবদুল কাদির (২৬)।
মাকসুদুল বলেন, “ভোরে কলাবাগানে একটি বাসে হাতবোমা নিক্ষেপ করতে গেলে তাদের হাতেনাতে ধরে ফেলা হয়।”
তবে তারা কোন দলের কর্মী সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি এই র্যাব কর্মকর্তা।
গত ৫ জানুয়ারি থেকে বিএনপি জোটের লাগাতার অবরোধে দেশব্যাপী নাশকতা ও সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই মারা গেছেন পেট্রোল বোমায় দগ্ধ হয়ে।
