‘নাশকতার চেষ্টাকালে’ ৪ যুবক নিহত
বিএনপি জোটের অবরোধ ও হরতালের মধ্যে রাজধানীর কাজীপাড়া ও টেকনিক্যাল এলাকায় ‘নাশকতার চেষ্টাকালে’ গণপিটুনিতে চার জন নিহত হয়েছেন, যাদের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে।
রোববার গভীর রাতে ওই দুই এলাকায় এ ঘটনা ঘটে। কাজীপাড়ার ঘটনায় নিহত হয়েছেন তিন জন।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত পৌনে ২টায় ওই চার জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
তাদের শরীরে গুলির চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে মিরপুর মডেল থানার এসআই মিজানুর রহমান বলেন, “গভীর রাতে কাজীপাড়া ও টেকনিক্যাল মোড়ে নাশকতা চালানোর চেষ্টা করেছিল বলে স্থানীয়রা তাদের জানিয়েছেন। এ সময় গণপিটুনিতে তারা নিহত হন।”
গণপিটুনি দেওয়া হলে শরীরে গুলির চিহ্ন কোত্থেকে এল- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে তারা কিছু জানেন না।
