চন্দনাইশে বাস-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে এক জন নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরও পাঁচ জন।
রোববার রাত ৮টার দিকে জোয়ারা ইউনিয়নের পাক্কা দোকান নামক জায়গায় এ দুর্ঘটনায় নিহত ব্যক্তি পিকআপ ভ্যানের চালক বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় জানাতে পারেনি। তার বয়স আনুমানিক ৩০ বছর।
দোহাজারী হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সজল দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামমুখী পিকআপ ভ্যানটির সঙ্গে কক্সবাজামুখী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ওই চালক নিহত হন।
তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
লাশ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।
দুর্ঘটনায় আহতদের মধ্যে একজন পিকআপ ভ্যানের হেলপার বাকিরা বাসের যাত্রী। তাদের সবাইকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
