২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ‘চিকিৎসায় অবহেলায়’ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ শহরে আভিসিনা হসপিটালে চিকিৎসা অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 07:54 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

এস এস রোডে অবস্থিত এ হাসপাতালে রোববার সকালে মারা যাওয়া তিন দিন বয়সী আরিশা বগুড়ার ধুনুট উপজেলার মথুরাপুর ইউনিয়নের কাশিয়াহাটা গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে।

আরিশার বাবা আবুল কালাম আজাদের অভিযোগ, জন্মের সময় তার মেয়ে মাথায় সামান্য আঘাত পেয়েছিল। 

চিকিৎসার জন্য ২১ ফেব্রুয়ারি শিশু বিশেষজ্ঞ ডা. সেলিম শিকদারের তত্ত্বাবধানে আভিসিনা হসপিটালে ভর্তি করা হয় তাকে।

এক পর্যায়ে মেয়ের শ্বাসকস্ট দেখা দিলে হসপিটাল থেকেই অক্সিজেন দেওয়া হয়।

রোববার সকাল ১১টার দিকে অক্সিজেন প্রবাহ বন্ধ এবং মেয়ের নড়াচড়া বন্ধ হয়ে গেলে কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের ডাকলেও তারা আসেননি। তাই অক্সিজেনের অভাবেই মেয়ে মারা যায়।

তিনি সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের শাস্তি দাবি করেন। 

এ ব্যাপারে ডা. সেলিম শিকদার বলেন, “বাইরে ছিলাম, হাসপাতালে ফিরতে কিছুটা দেরি হয়েছে। শিশুটি এমনিতেই জন্ম পরবর্তী শ্বাসকষ্টে ভুগছিল। অক্সিজেন দেওয়া ছিল।

“এক পর্যায়ে অক্সিজেন ফুরিয়ে যাওয়ার পর নার্সরা পাল্টাতে দেরি করায় শিশুটির মৃত্যু হয়।”

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. শামসুদ্দিন ওই হসপিটাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে মেয়েটির স্বজনদের বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।