২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৪

ফেনী সদর উপজেলা থেকে ৭০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ চার জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 07:03 PM

Updated : 12 Oct 2022, 03:19 PM

র‌্যাব-৭ (সিপিসি-১) ফেনী ক্যাম্পের পরিচালক মেজর মো. মোজাম্মেল হোসেন জানান, রোববার সকালে সদর উপজেলার মটবাড়িয়া ব্রিজ (বড়পুল) এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দক্ষিণ বেতিয়ারা গ্রামের নূর আহাম্মদের ছেলে মো. মীর কাশেম (৫০), মো. জাফর আহাম্মদের ছেলে মোহাম্মদ সজীব (২৬), সাতঘরিয়া গ্রামের মালু মিয়ার ছেলে মো. নুরুল আমীন (২৬) এবং ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি গ্রামের ছালেহ আহাম্মদের ছেলে মো. নোমান (৩৫)।

মেজর মোজাম্মেল জানান, সকালে র‌্যাবের একটি দল মটবাড়িয়া ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেটকার ও অটোরিকশা তল্লাশি করে ৭০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

আমদানি নিষিদ্ধ ফেনসিডিল বহন ও বিক্রির অভিযোগে গাড়ি দুটির চালকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব কর্মকর্তা বলেন, গ্রেপ্তার চারজন দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্তের পদুয়া এলাকা থেকে ফেনসিডিল চোরাচালান করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।