২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে শিক্ষককে পিটিয়ে বাড়িতে অগ্নিসংযোগ

সিরাজগঞ্জ শহরে এক শিক্ষককে মারধর করার পর তার বাড়িতে আগুন দিয়েছে প্রতিপক্ষের লোকজন। 

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 04:03 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, রোববার সকালে দত্তবাড়ি মহল্লার কাছে ভিক্টোরিয়া স্কুল রোড এলাকায় এ হামলা হয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

হামলার শিকার আইয়ুব আলী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং দৈনিক সকালের খবরের সিরাজগঞ্জ প্রতিনিধি। তিনি সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি ইসহাক আলীর ছোট ভাই।

আহত আইয়ুবকে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এনায়েতপুর খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার থেকে শহরের জানপুর ও দত্তবাড়ি মহল্লার দুদল যুবকের মধ্যে স্থানীয় বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষ হয়।

ওই বিরোধের জেরে জানপুর মহল্লার কয়েকজন যুবক আইয়ুবের বাড়িতে ঢুকে তাকে মারধর করে ঘরে আগুন ধরিয়ে দেয়। তারা তাকে লাঠি দিয়ে বেধরক পেটায়। এতে তার মাথা ও শরীরে বিভিন্ন স্থানে জখম হয়, শরীরের কয়েকটি স্থানে থেঁতলেও গেছে।

আগুনে আইয়ুবের বাড়ির দুটি ঘর, আসবাবপত্র-জরুরি কাগজপত্র ও একটি মোটরসাইকেল পুড়ে গেছে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও ওসি হাবিবুল জানান।