২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় পুড়ল বিবিসি মিডিয়া অ্যাকশনের কার্যালয়

রাজধানীর গুলশানে আইকে টাওয়ারে আগুন লেগে বিবিসি মিডিয়া অ্যাকশনের কার্যালয় পুড়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 09:53 AM

Updated : 25 Apr 2022, 01:03 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ওসি এনায়েত হোসেন জানান, রোববার সকাল পৌনে ৯টার দিকে গুলশান ২ নম্বর সেকশনের আটতলা আইকে টাওয়ারের সপ্তম তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

“ওই ভবনের সপ্তম তলায় বিবিসি মিডিয়া অ্যাকশনের কার্যালয়। আগুনে নয় হাজার স্কয়ার ফুটের কার্যালয়ের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আসবাবপত্র, ল্যাপটপসহ বেশ কিছু যন্ত্রপাতি পুড়ে গেছে।”

বিবিসি মিডিয়া অ্যাকশন বিবিসি ট্রাস্টের একটি অংশ, যারা বিবিসি নিউজ সার্ভিস থেকে আলাদা থেকে বিভিন্ন সচেতনতামূল কাজে সম্পৃক্ত।  

প্রতিষ্ঠানটির মিডিয়া ও পাবলিক রিলেশনস ম্যানেজার ঈদ-ই-আমিন চৌধুরী জানান, সকালে ধোঁয়া দেখে কর্মীরা কার্যালয় থেকে বেরিয়ে যান। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নেভায়। 

এনায়েত হোসেন জানান, আগুন লাগার কারণ খতিয়ে দেখতে ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে।  

এদিকে সকাল ৯টার দিকে রাজধানীর ইস্কাটনে একটি আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে নির্মাণাধীন ১৭ তলা একটি ভবনের নিচতলায় আগুন লাগে ।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে এনায়েত হোসেন জানান।

বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই ভবনে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন অগ্নি নির্বাপন কর্মীরা। এ ঘটনাতেও কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।