২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশের দিনে গ্রন্থমেলায় জনস্রোত

আন্তর্জাতিক ভাষা দিবস একুশে ফেব্রুয়ারির সকালে মানুষের যে স্রোত ছিল কেন্দ্রীয় শহীদ মিনারমুখী, সময় ঘনাতে তা বাঁক নেয় গ্রন্থমেলার পথে। দুপুর নাগাদ মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে জনারণ্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2015, 10:23 PM

Updated : 12 Oct 2022, 03:18 PM

শনিবার সকালে মেলার গেট খুলে দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যে অধিকাংশ প্রকাশনীর স্টলের সামনে দাঁড়ানো ছিল বেশ কষ্টসাধ্য।

দুপুরের দিকে মেলায় ভিড় খানিকটা কমে এলেও বাইরের রাস্তা, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানুষের ভিড় ছিল উপচে পড়া।

বিকেল গড়াতে প্রবেশপথে লেগে যায় দীর্ঘ লাইন। তবুও যেন নেই ক্লান্তি, পথের খোঁজে দূর-দূরান্ত থেকে আসা মানুষের অপেক্ষা।

টঙ্গী থেকে এসেছেন আকবর হোসেন, হাসিবুর রহমান, ঝর্ণা আক্তারসহ সাতবন্ধু। গাজীপুর ও ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চমাধ্যমিকে পড়ছেন তারা।

মেলায় আসার কারণ জানতে চাইতেই সহাস্য আকবর হোসেন বলেন, “স্কুল জীবনে আমরা স্কুলের শহীদ মিনারে ফুল দিতাম। এবার চিন্তা করলাম, কেন্দ্রীয় শহীদ মিনারে দেব। তাই বন্ধুরা মিলে সাতসকালে এসে ফুল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গেলাম। এরপর ঢাকা ভার্সিটিতে আড্ডার পর এসেছি মেলায়।”

ঘুরতে ঘুরতে সবার হাতে জমেছে বইয়ের ব্যাগও। এসব নিয়ে স্মরণীয় একটি দিন কাটিয়ে ফেরার কথা বলে পা বাড়ালেন তরুণ-তরুণীদের এই দলটি।

বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে স্ত্রী ও ছেলে আর দুই ব্যাগ বই নিয়ে নিয়ে বসে থাকতে দেখা যায় শাহেনশাহ চৌধুরীকে।

আজিমপুরের এই বাসিন্দা জানান, ভিড় ঠেলে তিনি বের হওয়ার চেষ্টা করেছিলেন। সেটা সম্ভব হয়নি।

“একাডেমির উল্টো দিকের গেইটে ভিড়তে সাহস করিনি। টিএসসি সংলগ্ন গেইট দিয়ে বের হতে গিয়েছিলাম। কিন্তু ভিড় আর ধাক্কাধাক্কি দেখে এখানে এসে বসেছি। ভিড় কমলে বের হব।”

আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের পাশে একটি শহীদ মিনারে ফুল দিয়ে দুপুরের পরে বাসা থেকে বের হয়েছেন বলে জানান তিনি।

বিক্রি-ভিড় বাট্টায় ব্যস্ত বড় বড় প্রকাশনীগুলোর বিক্রেতারা। ছোট প্রকাশনীগুলোর বিক্রিও বেড়েছে। এমনই একটি প্রকাশনী ‘জয়তী’র স্বত্ত্বাধিকারী মাজেদুল হাসান বলেন, মানুষের ভিড় বেড়েছে। এ কারণে বিক্রিও বেড়েছে।

‘গণরা সুফল পায়নি’

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সকাল সাড়ে ৭টা থেকে কবি অসীম সাহার সভাপতিত্বে বাংলা একাডেমির মূল মঞ্চে শুরু হয় স্বরচিত কবিতা পাঠের আসর।

বিকেল ৪টায় অমর একুশে গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় অমর একুশে বক্তৃতানুষ্ঠান ২০১৫। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

‘ভদ্রলোক-রাজনীতি ও শ্রেণিচেতনার আলোকে ভাষা-আন্দোলন’ শীর্ষক একুশে বক্তৃতা প্রদান করেন ভাষাসংগ্রামী আহমদ রফিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।

স্বাগত ভাষণে শামসুজ্জামান খান বলেন, ভাষা আন্দোলন বাঙালি জাতির মাঝে চেতনার জন্ম দিয়েছিল। চর্যাপদের যুগ থেকে বাঙালি মাতৃভাষার বিরুদ্ধে সমস্ত চক্রান্ত বীরদর্পে রুখে দিয়েছে। এরই চূড়ান্ত প্রকাশ ঘটে বায়ান্নর ভাষা আন্দোলন।

তিনি বলেন, ভাষা আন্দোলনের অমর চেতনায় আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ লাভ করেছি এবং এখন অর্থনৈতিক ও সামাজিক সূচকে এই দেশ এক অনন্য প্রতিশ্রুতির নাম।

আহমদ রফিক বলেন, অবিভক্ত ভারতে বিশেষভাবে বঙ্গে ভদ্রলোক শ্রেণি সর্বজনীন জাতীয় আন্দোলনগুলোর সুফল পুরোপুরি ভোগ করেছে শাসনক্ষমতা হাতে পেয়ে। সে ধারাবাহিকতায় ওই একই শ্রেণি এদেশেও ভাষা-আন্দোলনসহ সব গণআন্দোলন ও একাত্তরের লড়াইয়ের সর্বমাত্রিক সুবিধাভোগী।

“ভাষা-আন্দোলনের সুফল, ইতিবাচক উত্তরপ্রভাব মূলত গণআন্দোলনের ব্যাপকতায়। কিন্তু ‘গণ’ এর সুফল ভোগ করতে পারেনি; পারেনি উচ্চ শিক্ষার ক্ষেত্রেও।”

তিনি বলেন, আমাদের সংবিধানে বলা হয়েছে শিক্ষায়, সরকারি কাজকর্মে ও উন্নত তথ্যপ্রযুক্তিতে এবং জাতীয় জীবনের সর্বস্তরে ভাষা ব্যবহারের কথা। কিন্তু এ জাতীয় আহ্বান আমাদের শিক্ষিত শ্রেণির প্রাণে সাড়া জাগায় না। 

“এর বড় কারণ এই শ্রেণির মিশ্র চেতনা ও শক্তিমান শ্রেণিস্বার্থ। পরিস্থিতির সার্বিক বিচারে একমাত্র বিপ্লবী শ্রেণিসংগ্রামই বিরাজমান অবস্থার পরিবর্তন ঘটিয়ে শ্রেণিবৈষম্য দূর করতে পারে।”

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ভাষা আন্দোলন-উদ্ভূত জাতীয়তাবাদী চেতনা ছিল ধর্মনিরপেক্ষ। তাই স্বাধীন বাংলাদেশের সংবিধানেও রাষ্ট্র ও সমাজে ধর্মনিরপেক্ষতার প্রতিশ্রুতি দেয়া হয়। কিন্তু সাম্প্রদায়িক শক্তির উত্থান সংবিধানকে ধর্মনিরপেক্ষতা থেকে যেমন দূরে সরিয়ে দিয়েছে, তেমনি দেশের সব মানুষের সার্বিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, এ অবস্থা থেকে উত্তরণ কবে ঘটবে তা বলা কঠিন তবে শেষ পর্যন্ত বাঙালি ও বাংলাদেশ শুভচেতনার দিকে যাত্রা করবে বলে আশা করা যায়।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ফকির সিরাজের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘ঋষিজ শিল্পীগোষ্ঠী’ এবং স্টেপ মিডিয়া সাংস্কৃতিক সংগঠন।

সংগীত পরিবেশন করেন ফকির আলমগীর, রফিকুল আলম, আবদুল হালিম খান, শিবু রায় এবং সঞ্জয় কুমার দাস প্রমুখ।

নতুন ২৪০ বই

একুশের দিনে বইমেলায় ২৪০টি নতুন বই এসেছে, যার মধ্যে আগামী প্রকাশনী থেকে শেখ হাসিনার লেখা ‘শেখ মুজিব আমার পিতা’ বইয়ের দ্বিতীয় মুদ্রণ প্রকাশিত হয়েছে।

মহাকাল থেকে মুহাম্মদ হাবিবুর রহমানের ‘ভাবতে ইচ্ছে করে আমরা এগুচ্ছি’, শামীম পাবলিশার্স থেকে নির্মলেন্দু গুণের কবিতার বই ‘যখন আমি বুশের পাঁজর খুলে দাঁড়াই’, একই প্রকাশনী থেকে ইমদাদুল হক মিলনের দুই উপন্যাস ‘ভালোবাসার গল্প’ ও ‘সে আমার’ প্রকাশিত হয়েছে।

মেলায় প্রকাশিত বইগুলোর মধ্যে গল্পের বই ৩৭টি, উপন্যাস ৩০টি, কবিতার বই ৪৭টি, গবেষণা গ্রন্থ ১১টি, ছড়ার বই ১১টি, শিশু সাহিত্য ৯টি, জীবনী ৬টি, মুক্তিযুদ্ধ বিষয়ক ১টি, নাটক ২টি, বিজ্ঞান বিষয়ক ৫টি, ভ্রমণ বিষয়ক ৫টি, ইতিহাস ২টি, রাজনীতি ১টি, কম্পিউটার ২টি, ধর্মীয় ২টি, অনুবাদ ২টি, অভিধান ২টি, সায়েন্স ফিকশন ১টি এবং অন্যান্য বই ৫৩টি।

এই ২৪০টি নতুন বই নিয়ে মেলার একুশতম দিন পর্যন্ত এবার মোট প্রকাশিত বইয়ের সংখ্যা দাঁড়াল ২৮৯০।

গুণীজন স্মৃতি পুরস্কার

বিকালে বাংলা একাডেমির ‘গুণীজন স্মৃতি পুরস্কার ২০১৫ কমিটি’র আহ্বায়ক, একাডেমির পরিচালক মো. মোবারক হোসেন বিভিন্ন ক্ষেত্রের চারটি গুণীজন স্মৃতি পুরস্কারপ্রাপ্ত প্রকাশনা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেন।

২০১৪ সালে সর্বাধিক সংখ্যক গুণমানসম্মত গ্রন্থ প্রকাশের জন্য মাওলা ব্রাদার্সকে ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার’, মুর্তজা বশীরের আমার জীবন ও অন্যান্য গ্রন্থ প্রকাশের জন্যে বেঙ্গল পাবলিকেশন্স লিমিটেডকে ও রবীন্দ্রসমগ্র খণ্ড-২৩ প্রকাশের জন্যে পাঠক সমাবেশ-কে ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার’ প্রদান করা হয়।

২০১৪ সালে সর্বাধিক সংখ্যক গুণমানসম্মত শিশুতোষ গ্রন্থ প্রকাশের জন্য সময় প্রকাশনকে ‘রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার’ প্রদান করা হয়।

২০১৫ সালের অমর একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের মধ্যে থেকে নান্দনিক অঙ্গসজ্জায় প্যাভিলিয়ন ক্যাটাগরিতে দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডকে, স্টল ক্যাটাগরিতে প্রথমা প্রকাশন ও জ্যার্নিম্যান বুকসকে ‘শিল্পী কাইয়ূম চৌধুরী স্মৃতি পুরস্কার’ প্রদান করা হয়।

বাংলা একাডেমি জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি ২০১৫ গ্রন্থমেলার সমাপনী অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে।