২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতির মিনারে শ্রদ্ধার ফুল

যে ভাষার বুকের কাছে মগ্ন আছে বাঙালির অঙ্গীকার, সেই ভাষার দিনে বেদনা আর গর্ব নিয়ে সব পথ যেন এক হয়েছে শহীদ মিনারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2015, 12:51 PM

Updated : 12 Oct 2022, 03:18 PM

পুরনো খবর:

শ্রদ্ধায় স্মরণ শহীদদের

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের এই দিনে বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ; ওই রক্তের দামে এসেছিল বাংলার স্বীকৃতি আর তার সিঁড়ি বেয়ে অর্জিত হয় স্বাধীনতা।

বাঙালির নেই আত্মত্যাগের দিন এখন কেবল আর বাংলার নয়, প্রতিটি মানুষের মায়ের ভাষার অধিকার রক্ষার দিন। রাষ্ট্রীয় সীমানা ছাড়িয়ে ২১ ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

শনিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গর্ব আর শোকের এই দিনটি পালন করছে জাতি, তবে দিনের মূল কর্মসূচি শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো।

একুশের প্রথম প্রহরে রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রায় একইসময়ে তারা দুজন ফুল দেওয়ার পর শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সফররত ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষ হাউস অব লর্ডসের স্পিকার ব্যারোনেস ডি সুজা।

এরপর  শহীদ বেদিতে ফুল দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে সফরে আসা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাদের পরেই। এ সময় তার সঙ্গী হয়েছিলেন তার দুই মন্ত্রী, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ ও কয়েকজন সংস্কৃতিকর্মী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর প্রধানমন্ত্রীর নেতৃত্বে শ্রদ্ধা জানান মন্ত্রিপরিষদের সদস্য ও উপদেষ্টারা। এরপর আসেন আওয়ামী লীগ ও ১৪ দলের নেতারা।

বিরোধীদলীয় প্রধান রওশন এরশাদ শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাত ১২টা ১০ মিনিটের দিকে। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

তাদের শ্রদ্ধা নিবেদন শেষে ফুল নিয়ে আসেন পর্যায়ক্রমে তিনবাহিনী প্রধান, ইন্টারপার্লামেন্টারি ইউনিয়নের চেয়ারপারসন সাবের হোসেন চৌধুরী, বাংলাদেশে অবস্থিত বিদেশি দূতাবাসের কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল, সেক্টর কমান্ডার্স ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও ভাষা সৈনিকরা।

এবার ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে যাননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লাগাতার অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়া বিএনপি জোটের কোনো দল বা নেতাকেও প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়নি।

তবে সকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরীর নেতৃত্বে শহীদ বেদীতে ফুল দেন বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মধ্যরাতে ঘড়ির কাঁটা ১২টা ছোঁয়ার আগেই বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীদের সারি দেখা যায় শহীদ মিনারে।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর্ব শেষ হলে শহীদ মিনার সবার জন্য খুলে দেয়া হয়। শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণের এই পালায় শনিবার সকালে নামে মানুষের ঢল।

খালি পায়ে প্রভাতফেরির মিছিলে সবার কণ্ঠে অমর সেই গান-‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি..।’

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষে সারি আরো দীর্ঘ হয়। জগন্নাথ হল, পলাশী মোড় ছাড়িয়ে নীলক্ষেত ও ইডেন কলেজের পাশে দীর্ঘ লাইনে ফুল আর ছোট ছোট পতাকা হাতে লাইন বেঁধে অপেক্ষায় থাকতে দেখা যায় সব বয়সের, সব শ্রেণি পেশার মানুষকে।

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের সন্তানদের নিয়ে শহীদ মিনারে আসেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন লন্ডনে বাসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী দীবা আজিজ খান।

ব্যক্তিগত কাজে ঢাকা এসেছেন জানিয়ে তিনি বলেন, একুশে ফেব্রুয়ারিতে ঢাকায় থাকার সুযোগ হওয়ায় বড় ভাইয়ের সঙ্গে চলে এসেছেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে।

“ভালো লাগছে। গত কয়েক বছর টেলিভিশনে এই একুশের প্রথম প্রহরে ফুল দেয়া দেখে আমি আবেগ তাড়িত হয়ে পড়তাম।”

তবে গত কয়েক বছরের তুলনায় এবার একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে লোক সমাগম কম দেখা গেছে বলে সেখানে শৃঙ্খলার দায়িত্বে থাকা কয়েকজন জানিয়েছেন।

শৃঙ্খলার দায়িত্ব থাকা এয়ার রোভারের টিম লিডার বদরুল বলেন, “বেশ কয়েক বছর একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনার এলাকায় শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছি। কিন্তু গত বছরগুলোর তুলনায় এবারে মানুষ কম। এবার শৃঙ্খলা রক্ষায় আমাদের বেগ পোহাতে হয়নি।”

রাত পৌনে ৩টার পর থেকে ভোর ৫টা পর্যন্ত শহীদ মিনারে অনেকটা ফাঁকাই ছিল বলে জানান তিনি।

একুশের প্রভাতে প্রথমে ফুল দিতে এসে ‘বাইবেল স্টুডেন ফেলোশিপ অব বাংলাদেশ’ নামে একটি  সাধারণ সম্পাদক পিটার মজুমদার বলেন, “একুশ ফেব্রুয়ারি আমাদের গর্বের। আমি একুশ ও আমার মায়ের ভাষাকে গর্ববোধ করি। তাই প্রতিবারই প্রভাতে আমি ফুল দিতে আসি। এবার তেমন ভিড়ের মধ্যে পড়তে হয়নি। খুব সহজে শহীদ মিনারে আসতে পেরেছি।”

চলমান সহিংস রাজনৈতিক পরিস্থিতির কারণে এবার শহীদ মিনারে লোক সমাগম তুলনামূলক কম হয়েছে বলে মনে করছেন অনেকে।

এ বিষয়ে হাসিবুর রহমান মুকুল নামে একজন বলেন, “বর্তমানে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে। তাই হয়তো তুলনামূলক কম মানুষ এসেছে।”

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিলে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্দেশে পুলিশের গুলিতে প্রাণ হারান সালাম, রফিক, বরকত, শফিউরসহ নাম না জানা অনেকে।

এর পর বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয় তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী। ভাষা আন্দোলনের ধারাবাহিকতায়ই ১৯৭১ সালে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আসে বাংলাদেশের স্বাধীনতা।

১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর এক ঘোষণায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পায়।

ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলায় শহীদ মিনারেও একুশের প্রথম প্রহর থেকে ফুল দেওয়ার পালা শুরু হয়। শহীদ মিনারে ফুল দেওয়া ছাড়াও বিভিন্ন সংগঠন আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে শোক এবং সেই সঙ্গে অধিকার অর্জনের এই দিনটি স্মরণ করছে।

ভাষা শহীদদের স্মরণে এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরেও রয়েছে বিশেষ আয়োজন। এছাড়া জাতিসংঘের বাংলাদেশ মিশনেও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।