২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামারুজ্জামানের রায় দ্রুত কার্যকর চায় জাগরণ মঞ্চ

একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যুদ্ধাপরাধী কামারুজ্জামানের রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 09:33 PM

Updated : 12 Oct 2022, 03:18 PM

শুক্রবার বিকালে শাহবাগের প্রজন্ম চত্বরে গণ-অবস্থান কর্মসূচিতে তিনি এ দাবি জানান।

ইমরান বলেন, “একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কামারুজ্জামানসহ সকল যুদ্ধাপরাধীদের রায় দ্রুত কার্যকর করতে হবে।

“একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা কারো কাছে কখনও মাথানত করিনি। তাই এই চেতনাকে ধারণ করেই একাত্তরের মানবতাবিরোধী কামারুজ্জামানের রায় কার্যকর করতে হবে।”

অবস্থান কর্মসূচিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করে জাগরণ মঞ্চ।

কর্মসূচির মধ্যে রয়েছে- ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবসের প্রথম প্রহরে শাহবাগ প্রজন্ম চত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বিকেল ৪টায় প্রজন্ম চত্বরে ‘একুশের গান’।

এই অনুষ্ঠানে গণজাগরণ মঞ্চের আন্দোলন নিয়ে গাওয়া গানের মধ্য থেকে বাছাই করা ১৬টি গান নিয়ে “শাহবাগের গান” শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করা হবে।

এছাড়া সন্ধ্যায় ভাষা শহীদদের স্মরণে শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত ‘প্রদীপ প্রজ্জ্বলন’ কর্মসূচি পালিত হবে বলেও জানান ইমরান।