পরীক্ষার্থী নিয়ে অটোরিকশা খাদে, চালক নিহত
নোয়াখালীর সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বহন করা ব্যাটারিচালিত একটি অটোরিকশা খাদে পড়ে চালক নিহত হয়েছেন।
এ দুর্ঘটনায় চার পরীক্ষার্থী আঘাত পেলেও প্রাথমিক চিকিৎসার পর তারা পরীক্ষায় অংশ নিয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বুশমার্কেট এলাকায় ছমিরহাট-খাসেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে চরজব্বর থানার ওসি এনামুল কবির জানান।
নিহত মো. রিপন (২২) উপজেলার পূর্ব চরবাটা গ্রামের আবু সুফিয়ানের ছেলে।
আহত বিবি আয়েশা (১৪), শাহিনা আক্তার (১৩), বিবি কুলসুম (১৫) ও জাহিদা আক্তার (১৪) উপজেলার রামগোবিন্দ উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে।
পুলিশ কর্মকর্তা এনামুল কবির জানান, সকালে ওই অটোরিকশায় চড়ে চার পরীক্ষার্থী খাসেরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিল। বুশমার্কেট এলাকায় বিপরীতমুখী একটি আইসক্রিমের ভ্যানকে জায়গা দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অটোরিকশাটি রাস্তার পাশের খালে পড়ে যায়।
