পটুয়াখালীতে দোকানে আগুন, দগ্ধ ২
পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাট বাজারে আগুনে পুড়ে গেছে তিনটি দোকান। এতে দগ্ধ হয়েছেন দুই দোকান মালিক।
এরা হলেন রমজান (২০) ও আজিজ মোল্লা (৭০)। তাদের বাড়ি ফেরিঘাট বাজার সংলগ্ন আশপাশের এলাকায়।
দুমকি থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, রাত সাড়ে ৮টার দিকে আজিজ মোল্লার চায়ের দোকানের গ্যাস স্টোভ থেকে হঠাৎ আগুন ধরে যায়। পরে তা ছড়িয়ে পড়লে তিনটি দোকান পুড়ে যায়।
দোকান মালিকদের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন, তবে এ সময় দুই দোকান মালিক দগ্ধ হন।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ নিরুপণ করা যায়নি বলে জানান ওসি হাবিবুর।
