ঘাতক রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে না: রেলমন্ত্রী
পেট্রোল বোমায় মানুষ মেরে খালেদা জিয়া ও তার দল ক্ষমতায় যেতে পারবে না বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক।
বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় তিনি বলেন, বাস ও ট্রেনের যাত্রীরা নিরীহ, নিরপরাধ। এদেরকে যারা হত্যা করে তারা কসাই-ঘাতক। কসাই-ঘাতকের ভূমিকা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যায় না।
মন্ত্রী বলেন, খালেদা জিয়া আর তার দল বিএনপি ও তার ডানে-বামে থাকা জামাত-শিবিরের দোসররা সারাদেশে নাশকতা চালিয়ে যাচ্ছে। ট্রেনের ইঞ্জিনে-বগিতে আগুন দিচ্ছে, ফিশ প্লেট খুলে ফেলছে।
এসব নাশকতাকারীদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে তিনি জনসাধারণের প্রতি অনুরোধ জানান।
তিনি দুপুরে পুর্বাঞ্চল রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেলস্টেশন সংলগ্ন চাঁদপুর তমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে রেলপথ ও ট্রেনে নাশকতা রোধকল্পে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন।
বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয় আয়োজিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমল কৃষ্ণ ভট্টাচার্য, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী প্রমুখ।
