বোমায় সরকার পরিবর্তন দুঃস্বপ্ন: ওবায়দুল কাদের
পৃথিবীর কোনো দেশে পেট্রোল বোমা মেরে সরকার পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার গাইবান্ধায় তিনি বলেন, কী দোষ অবুঝ শিশুর, কী দোষ বাস-ট্রাকের ড্রাইভার ও হেলপারদের। কী দোষ করেছিলেন গাইবান্ধার সুন্দরগঞ্জের খেটে খাওয়া সহজ-সরল এই দরিদ্র মানুষগুলো?
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, “তাদেরকে পেট্রোল বোমা মেরে পুড়িয়ে হত্যা করছেন। পৃথিবীর কোনো দেশে পেট্রোল বোমা মেরে সরকার পরিবর্তন হয়নি। বাংলাদেশেও এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে।”
খালেদা জিয়াকে সংলাপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিফোন করার কথা স্মরণ করিয়ে বলেন, তিনি বাজে ভাষায় তা প্রত্যাখান করেছিলেন। সেদিন গণভবনে আসলে আজকে নির্বাচনের জন্য তাকে আন্দোলনের নামে নিরীহ মানুষকে পেট্রোল বোমা মেরে হত্যা করতে হতো না।
গত ৬ ফেব্রুয়ারি রাতে গাইবান্ধা সদরের তুলশীঘাট পল্লী বিদ্যুৎ অফিসের সামনে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় আট জন নিহত হয়।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি ছিলেন।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, গাইবান্ধা-১ এর মঞ্জুরুল ইসলাম লিটন, জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ-শামস-উল আলম হিরু প্রমুখ।
এর আগে ওবায়দুল কাদের গাইবান্ধার দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষিত মেলান্দহ সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সাত স্প্যানবিশিষ্ট ২৬০ দশমিক ৭৬ মিটার দীর্ঘ এ সেতু নির্মাণে ব্যায় হয় ২৬ কোটি ১৪ লাখ টাকা।
