জয়পুরহাট ও লালমনিরহাটে শিলাবৃষ্টিতে ফসলহানি
জয়পুরহাট ও লালমনিরহাটে শিলাবৃষ্টিতে বোরো ধানের বীজতলা, আলু ও সরিষাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার ভোররাত থেকে সকাল পর্যন্ত দুই জেলার বিভিন্ন স্থানে এক শিলাবৃষ্টি হয় বলে কৃষক ও কৃষি কর্মকর্তারা জানিয়েছেন।
জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ জেড এম ছাব্বির ইবনে জাহান জানান, ভোররাত থেকে সকাল পর্যন্ত জেলায় গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩৬ মিলি মিটার।
শিলাবৃষ্টিতে এবং জমিতে পানি জমে সদর, কালাই, ক্ষেতলাল ও পাঁচবিবি উপজেলায় বোরো ধানের বীজতলা, আলু, সরিষাসহ বিভিন্ন শাকসবজি ও ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।
এছাড়া প্রায় ২ ঘণ্টার বেশি সময় ধরে চলা এ শিলাবৃষ্টিতে সদ্য ফোটা আমের মুকুল ঝরে গেছে জেলার অধিকাংশ এলাকায়।
চলতি মৌসুমে জেলায় সবচেয়ে বেশি আলুর চাষ হয়েছিল, যার অধিকাংশই বৃষ্টিতে পানি জমা ও শিলার আঘঅতে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
কালাই উপজেলার দক্ষিণ পাকুরিয়া গ্রামের কৃষক গোলাম রব্বানী, সদরের জামালগঞ্জ এলাকার কৃষক আহসান কবীর, ক্ষেতলালের খলিশাগাড়ী গ্রামের কৃষক শহিদুল ইসলামসহ কয়েকজন জানান, এ বছর আলুর দামও মোটামুটি ভালোই ছিল। কিন্তু আলু তোলার আগে হঠাৎ ভারী বৃষ্টিপাতে সবার জমিই পানিতে ডুবে গেছে। এ অবস্থায় ক্ষেতের অধিকাংশ আলু পচে যাওয়ার আশংকা রয়েছে এবং বিনিয়োগের টাকা ফিরে না পাওয়ার পাশাপাশি উল্টো লোকশানের ঝুঁকি রয়েছে।
পাঁচবিবি উপজেলায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সরিষা চাষি ও আমবাগানিরা।
গোবিন্দপুর কবিরাজ পাড়া গ্রামের অরুন কবিরাজ ও প্রান কিশোর বলেন, শিলাবৃষ্টিতে তাদের ক্ষেতের প্রায় সব সরিষাই ঝরে গেছে।
আর আমের মুকুল ঝরে যাওয়ায় ক্ষতির আশঙ্কায় আছেন কাঁশরা গ্রামের আমবাগানি ফিরোজ তালুকদার।
লালমনিরহাট
সকালে কালীগঞ্জ উপজেলায় ঘণ্টাব্যাপী ঝড়ো শিলাবৃষ্টিতে শতাধিক ঘরবাড়িসহ তামাক, ভুট্টা, মরিচসহ বিভিন্ন সবজি ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মৃনাল চন্দ্র রায় জানান, শিলাবৃষ্টিতে কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকায় ৮০ হেক্টর জমির তামাক, ভুট্টা, মরিচ এবং আমের মুকুলসহ সবজিক্ষেত আক্রান্ত হয়েছে।
তবে এর মধ্যে প্রায় ৪৫ হেক্টর জমির পুরো ফসলই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।
এছাড়া শিলাবৃষ্টিতে ওই এলাকার শতাধিক টিনের ঘরের ছাদে ছিদ্র দেখা দিয়েছে বলে জানান স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক হেমন্ত কুমার পাল।
