বিএসএফের বোটের আঘাতে আহত যুবক
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে গরু আনতে গিয়ে ইছামতি নদীতে বিএসএফের টহল বোটের আঘাতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
বিজিবি জানায়, বৃহস্পতিবার এ ঘটনায আহত যুবক আরিফ হোসেন (২৫) বেনাপোলের শিবনাথপুর বারোপোতা গ্রামের গোলাম হোসেনের ছেলে। তিনি ভারতীয় গরু আনার কাজ করেন।
তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়ন পুটখালি ক্যাম্পের সুবেদার আব্দুল হক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে আরিফসহ কয়েকজন যুবক ভারতীয়দের কাছ থেকে গরু নিয়ে পুটখালি সীমান্তের ইছামতি নদী সাঁতার কেটে পার হচ্ছিলেন।
ওই সময় ভারতের আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা টহল বোট নিয়ে ধাওয়া করে তাকে আঘাত করে চলে যায়।
পরে তার সহযোগীরা উদ্ধার করে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বিজিবির পক্ষ থেকে বিএসএফকে এই ঘটনার জন্য প্রতিবাদ জানানো হয়েছে বলে ওই বিজিবি কর্মকর্তা জানান।
