২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রাকে পেট্রোল বোমা, চালক ও সহকারী দগ্ধ

বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালে টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাকে পেট্রোল বোমা হামলায় চালক ও তার সহকারী দগ্ধ হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 03:43 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

দগ্ধদের মধ্যে চালকের সহকারী মামুনকে (২২) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

আর চালক উজ্জল (৩২) টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের দুজনেরই বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার বেলটিয়াবাড়ি এলাকায়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আখেরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার সারপলশিয়া এলাকায় এ হামলা হয়।

ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি বালুঘাট থেকে বালুবোঝাই ওই ট্রাক টাঙ্গাইল যাওয়ার পথে সারপলশিয়া এলাকায় দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছোড়ে। এতে চালক উজ্জ্বল ও তার সহকারী মামুন দগ্ধ হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পরে মামুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান বলে জানান ওসি।

৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূতির দিনে টানা অবরোধ ডাকেন বিএনপি-জামায়াত জোট নেত্রী খালেদা জিয়া। এরমধ্যে দফায় দফায় হরতালও চলছে।

অবরোধ-হরতালে সারাদেশে বিভিন্ন ধরনের নাশকতাসহ ট্রাকে পেট্রোল বোমা হামলায় অগ্নিদগ্ধ হয়ে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় শতাধিক মানুষ দেশের বিভিন্ন হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিয়েছেন।