২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দেশ ধ্বংসের চেষ্টা সহ্য করা হবে না’

হরতাল-অবরোধ ও নাশকতার মধ্য দিয়ে বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয়ার ‘অপচেষ্টা’ হচ্ছে মন্তব্য করে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 03:33 PM

Updated : 12 Oct 2022, 03:18 PM

বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “দেশটাকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছি তখন এই দেশকে ধ্বংসের পথে ঠেলে দেয়ার যে অপচেষ্টা সেটা কখনোই সহ্য করা যায় না।”

‘দুর্বৃত্তায়নের’ হাত থেকে দেশকে রক্ষার জন্য সবার সহযোগিতাও চেয়েছেন প্রধানমন্ত্রী।

অবরোধ আহ্বানকারী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, “কারো রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে, নিজের ব্যর্থতার কারণে, দায় চাপবে বাংলাদেশের মানুষের ওপর; আর তাদের এভাবে মরতে হবে- এটা কখনো মেনে নেয়া যায় না।

“এই ধরনের দুর্বৃত্তায়নের হাত থেকে দেশকে যেন মুক্ত করতে পারি; তাতে সকলের সহযোগিতা আমার কাম্য।”

ওসমানি স্মৃতি মিলনায়তনে একুশে পদক ও সন্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

ভাষার মাসে একুশের চেতনার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “বারবার আঘাত এসেছে, তারপরেও বাঙালি জাতি কখনো পরাভব মানেনি। বাঙালি এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।”

মধ্যবর্তী নির্বাচনের দাবিতে গত ৫ জানুয়ারি থেকে লাগাতার অবরোধ করছে বিএনপি-জামায়াত জোট। অবরোধের সঙ্গে কর্মদিবসগুলোতে হরতালও পালন করছে তারা।

২০ দলীয় জোটের অবরোধ-হরতালে গাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগে দগ্ধ হয়ে সারাদেশে অর্ধ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। আহত হয়েছেন কয়েকশ।

এ বিষয়ের দিকে ইঙ্গিত করে বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, “আমরা এমন একটি সময় এ অনুষ্ঠানটা করছি, যখন আমরা আমাদের আত্মমর্যাদা, ভাষা, সংস্কৃতি ও আত্মপরিচয় নিয়ে কাজ করে যাচ্ছি; ঠিক তার পাশাপাশি আমরা একটা বীভৎস রুপ দেখতে পাচ্ছি সারা বাংলাদেশজুড়ে।

“বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে; ঠিক সেই সময় এই আঘাত বাঙালি জাতির ওপর কেন?,” প্রশ্ন রাখেন তিনি।

বিএনপি-জামায়াত জোটের আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, “যদি রাষ্ট্র পরিচালনায় কোনো ব্যর্থতা থাকত আমাদের, হয়তো সেটা অজুহাত হতে পারত।”

হরতাল-অবরোধ দিয়ে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষায় অংশ নিতে বাধা দেওয়ার কঠোর সমালোচনা করেন তিনি।

শেখ হাসিনা বলেন, “পহেলা জানুয়ারি ৩২ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার বই বিনামূল্যে বিতরণ করেছি আমরা। তারা অপেক্ষায় ছিল, এই বই নিয়ে তারা স্কুলে পড়তে শুরু করবে। ৬ জানুয়ারি থেকে শুরু হল হরতাল-অবরোধ, মানুষ হত্যা করা। স্কুলে যাওয়া তাদের বন্ধ। প্রতিটি কর্মদিবসেই হরতাল আসছে।

“আমার প্রশ্ন, এই যে চার কোটি ৪৪ লাখ ছাত্র-ছাত্রী তাদের অপরাধটা কী? তারা কেন পড়তে পারবে না? তাদের পড়ার পথ কেন বন্ধ করা হয়েছে? এরাইতো আমাদের ভবিষ্যৎ, এরাইতো শিক্ষায়-দীক্ষায় উন্নত হবে।”

প্রধানমন্ত্রী বলেন, “শিক্ষিত জাতি ছাড়া বাংলাদেশকে কখনো আমরা দারিদ্র্যমুক্ত করতে পারব না। কিন্তু আজকে তাদের পড়াশোনার সব পথ যেন বন্ধ।”

প্রায় ১৫ লাখ মাধ্যমিক পরীক্ষার্থীর দুর্ভোগের কথা তুলে ধরে তিনি বলেন, “ঠিক যেদিন থেকে পরীক্ষা শুরু, সেই দিন থেকে প্রতিটি কর্মদিবসে হরতাল। মনে হচ্ছে এই শিক্ষার্থীদের বিরুদ্ধেই যেন হরতাল দেওয়া; তাদের পরীক্ষা দেওয়া বা পড়াশোনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা।”

এসময় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, স্বাস্থ্য, বিদ্যুৎ, শিক্ষা, অবকাঠামো, তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন খাতে গত ছয় বছরে উন্নয়নের চিত্র তুলে ধরেন শেখ হাসিনা।

মানুষকে আগুণে পুড়িয়ে মারার রাজনীতি নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “এটা তো রাজনীতি না। আমরা আন্দোলন করেছি সেই স্কুল জীবন থেকে। সেই আন্দোলন তো মানুষ হত্যা করে না, বরং মানুষের ওপর অত্যাচার, নির্যাতন হলে তার প্রতিবাদ করার জন্য।

“কিন্তু আজকে এটা কী আন্দোলন, কোন ধরনের আন্দোলন সেটা আমরা বুঝি না। গোপন জায়গা থেকে একটা ঘোষণা, আর পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করা।”

এ বছর ১৫ জনকে দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদক দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একুশে পদক পাওয়া ব্যক্তি ও তাদের প্রতিনিধিদের প্রত্যেককে সোনার পদক, এক লাখ টাকার চেক ও সন্মাননা প্রদান করেন।

এ বছর একুশে পদক পেয়েছেন মরহুম পিয়ারু সরদার (ভাষা আন্দোলন), অধ্যাপক মজিবর রহমান দেবদাস (মুক্তিযুদ্ধ), অধ্যাপক দ্বিজেন শর্মা (ভাষা ও সাহিত্য), মুহম্মদ নূরুল হুদা (ভাষা ও সাহিত্য), মরহুম আব্দুর রহমান বয়াতি (শিল্পকলা), এসএ আবুল হায়াত (শিল্পকলা), এটিএম শামসুজ্জামান (শিল্পকলা), অধ্যাপক ডা. এমএ মান্নান (শিক্ষা), সনৎ কুমার সাহা (শিক্ষা), আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া (গবেষণা), কামাল লোহানী (সাংবাদিকতা), ফরিদুর রেজা সাগর (গণমাধ্যম), ঝর্ণা ধারা চৌধুরী (সমাজসেবা), শ্রীমৎ সত্যপ্রিয় মহাথের (সমাজসেবা) ও অধ্যাপক অরুপ রতন চৌধুরী (সমাজসেবা)।