মাগুরায় ট্রাকে আগুন, হেলপার দগ্ধ
মাগুরা সদরে একটি পণ্যবাহী ট্রাকে দুর্বৃত্তদের দেয়া আগুন চালকের সহকারী দগ্ধ হয়েছেন।
বুধবার রাতে শিমুলিয়া এলাকায় এ ঘটনায় দগ্ধ চয়নকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শিমুলিয়া এলাকায় একটি পণ্যবাহী ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে যায় এবং চালকের সহকারী চয়ন দগ্ধ হন।
ঘটনাস্থল থেকে কেরোসিন ভর্তি একটি বোতল উদ্ধার হয়েছে বলে জানান তিনি।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রইচুজ্জামান জানান, আগুনে চয়নের ডান হাত দগ্ধ হয়েছে, তবে তেমন গুরুতর নয়।
