কুড়িগ্রামে জামায়াত-শিবিরের ৭ জন আটক
বিএনপি জোটের অবরোধ-হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে কুড়িগ্রামের উলিপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উলিপুর ও নাগেশ্বরী উপজেলায় এ অভিযান চালানো হয় বলে জানান কুড়িগ্রামের সহকারী পুলিশ সুপার মাসুদ আলম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উলিপুরের জামায়াত সেক্রেটারি মশিউর রহমানকে আটক করা হয় তার বাড়ি থেকে।
এছাড়া নাগেশ্বরী উপজেলার নেওয়াশী বাজার থেকে গোপন বৈঠক করার সময় আপর ছয় নেতাকর্মীকে আটক করা হয়।
আটক অন্যরা হলেন নেওয়াশী উত্তর শিবির সভাপতি বোয়ালভীড় গ্রামের বাসিন্দা হারুন অর রশিদ (১৮), জামায়াতকর্মী আজিজুল ইসলাম (৪২), নখরাজপুর গ্রামের নুর হোসেন (৫৫), রাবাইতাড়ী গ্রামের বেলাল হোসেন (২৫), নেওয়াশী গ্রামের শাহ আলী (৩২) ও শিবিরকর্মী বোয়ালভীড় গ্রামের আফজাল হোসেন (৪৬)।
এএসপি মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটকরা নেওয়াশী বাজারের ‘শাহ আলী’ নামের একটি দর্জির দোকানে গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিলন। এ তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
