রাজশাহীতে যুবলীগ নেতার হাত-পায়ের রগ কর্তন
রাজশাহীতে এক ওয়ার্ড যুবলীগের সভাপতির হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। একই সময় পায়ে গুলিবিদ্ধ হয়েছেন থানা ছাত্রলীগ নেতা।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিনোদপুর কমেলা হক ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
হাত-পায়ের রগ কেটে দেওয়া মেহেদি হাসান ইয়ামিন রাজশাহী মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। অপরজন হলেন ইস্তিয়াক আহমেদ ইশার, যিনি মতিহার থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য।
ইয়ামিন নগরীর মির্জাপুর এলাকার আসাদ আলীর ছেলে এবং ইশার বাড়িও একই এলাকায়। তার বাবার নাম গাজিউল ইসলাম।
গুরুতর আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুল ইসলাম বলেন, “ইয়ামিনের বাম পা ও বাম হাতের রগ কেটে দেওয়া হয়েছে। এছাড়া তার বাম পায়ের হাঁটুর উপরে একটি গুলির চিহ্ন রয়েছে। আর ইশার দুই পায়ের হাঁটুর উপর দুইটি গুলির জখম রয়েছে।”
মতিহার থানার ওসি আব্দুর রউফ বলেন, ইয়ামিন ও ইশা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এসময় মুখোশধারী ৮/১০ জন যুবক তাদের উপর হামলা চালিয়ে প্রথমে ইয়ামিনের বাম পায়ের হাঁটুর উপরে গুলি করে। এতে সে মাটিতে পড়ে গেলে তারা বাম পা ও বাম হাতের রগ কেটে দেয়।
ইশা এগিয়ে গেলে তার দুই পায়ে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলেও জানান তিনি।
স্থানীয় কয়েকজন জানান, দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় ৩/৪টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পরে তাদের উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এদিকে ঘটনার পর পরই হাসপাতালে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সারাদেশে বিএনপি-জামায়াত যে নাশকতা চালাচ্ছে এর অংশ হিসেবে জামায়াতের সহযোগী সংগঠন শিবির এ হামলা চালিয়েছে।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলীও এসময় উপস্থিত ছিলেন।
