সহিংসতা বন্ধের আহ্বানে চট্টগ্রামে রাজপথে খেলাঘরের শিশুরা
চলমান সহিংসতা বন্ধের আহবান জানিয়ে মানববন্ধন করেছে চট্টগ্রামের শিশুরা।
মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে শিশু-কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রাম মহানগরী আয়োজিত এ সমাবেশে যোগ দেয় শতাধিক শিশু।
মানববন্ধনে শিশুদের পক্ষে ঘোষণা পত্র পাঠ করে খেলাঘরের সাজনীন তাসনিম সিদ্দিকা আলিশা।
ঘোষণা পত্রে চলমান সহিংসতায় পেট্রোল বোমায় স্বর্ণা, সুজন মনিহা ও শান্তসহ বেশ কয়েকজন শিশুর মৃত্যুর ঘটনা তুলে ধরে সহিংসতা থেকে শিশুদের মুক্ত রাখার আহ্বান জানানো হয়।
“আমরা নিরাপদে স্কুলে যেতে চাই, পড়াশুনা করতে চাই। সহিংসতার কারণে আমাদের পড়াশুনার ক্ষতিগ্রস্ত হচ্ছে। পেট্রোল বোমায় এরকম আর কোন শিশু-কিশোর ভাই বোনদের আমরা হারাতে চাই না।”
খেলাঘর সভাপতি একিউএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নারীনেত্রী নূরজাহান খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. জিনব্যোধি ভিক্ষু, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি মুজিবল হক, নাট্যব্যক্তিত্ব প্রদীপ দেওয়ানজী, সাংবাদিক রিয়াজ হায়দার, প্রমার সভাপতি রাশেদ হাসান, শিক্ষিকা সালমা জাহান মিলি প্রমুখ।
বক্তারা চলমান নৈরাজ্য বন্ধে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহবান জানান।
