২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে এডিসির গাড়িকে ট্রেনের ধাক্কা, চালক আহত

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাজার রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) গাড়ির সামনের অংশ ভেঙে গেছে। এ সময় আহত হন গাড়িটির চালক।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 05:31 PM

Updated : 12 Oct 2022, 03:17 PM

মঙ্গলবার দুপুরে দুর্ঘটনার সময় এডিসি দেওয়ান মোহাম্মদ শাহরিয়া ফিরোজ গাড়িতে ছিলেন না।

আহত চালক আজারুল ইসলামকে (৪৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মতিহার থানার ওসি আব্দুর রউফ বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ শাহরিয়া ফিরোজকে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে তার বাসায় নামিয়ে দিয়ে জিপটি নিয়ে চালক ফেরার পথে রেল ক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জিপটির সামনের অংশ ভেঙেচুরে গেছে।

পুলিশ গাড়িটি উদ্ধার করেছে বলে জানান ওসি।

ওসি জানান, রেল লাইনের উপর ওঠার পর গাড়িটি বন্ধ হয়ে যায়।

এই রেল ক্রসিংয়ে গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান ওসি রউফ।

রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, গাড়ির চালক আজহারের অবস্থা খুব গুরুতর নয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।