কেরাণীগঞ্জে বিএনপির কার্যালয় ভস্মীভূত
ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার আগানগর ইউনিয়ন বিএনপি কার্যালয় জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার গভীর রাতে বাবুবাজার সেতুর নিচে টিনের তৈরি ওই কার্যালয় ভস্মীভূত হয়।
স্থানীয়দের বরাত দিয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি মো. জামাল উদ্দিন মীর জানান, রাত ২টার দিকে কে বা কারা ঘরটিতে আগুন দেয়। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। কে বা কারা আগুন দিয়েছে জানা যায়নি। তবে তদন্ত চলছে বলে ওসি জানান।
