বঙ্গোপসাগরে জেলে নৌকায় গুলি, আহত ৮
বরগুনায় বঙ্গোপসাগরে তিনটি মাছধরা ট্রলারে জলদস্যুদের হামলায় আট জন গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার মধ্যরাতে বঙ্গোপসাগরের সোনারচর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাথরঘাটা থানার ওসি জিএম শাহনেওয়াজ।
আহতরা হলেন নূরুল ইসলাম, কবির হাওলাদার, মাসুদ, লিটন, খোকন, সাইদুল ইসলাম, ফোরকান ও লিটু। সবার বাড়ি বরগুনা সদর ও পাথরঘাটা উপজেলায়।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সোমবার দুপুরের দিকে তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, রোববার রাত ১২টার দিকে ইলিশ শিকার করে তিনটি ট্রলারে ৫১ জন পাথরঘাটার দিকে রওনা হন। পথে সোনারচরের কাছে সাগরে জলদস্যুরা তাদের উপর হামলা করে।
"এ সময় জলদস্যুদের গুলিতে আট জেলে আহত হন। ঘাটে আসার পর সকালে তাদের পাথরঘাটা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।"
পাথরঘাটা হাসপাতালের আবাসিক চিকিৎসক আরিফুর রহমান বলেন, আহতদের সবার শরীরের ভিতর গুলি রয়েছে। পাথরঘাটা হাসপাতালে গুলি বের করার মতো বিশেষজ্ঞ ডাক্তার ও সরঞ্জাম না থাকায় তাদের বরিশাল পাঠানো হয়েছে।
ঘটনাটি জানার পর জলদস্যুদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পাথরঘাটা কোস্ট গার্ডের পেটি অফিসার মো. হাবিবুর রহমান।
হাসপাতালে আহত জেলেদের দেখে আসার কথা জানিয়ে পাথরঘাটার ওসি শাহনেওয়াজ বলেন, বঙ্গোপসাগরে জেলেদের গুলিবিদ্ধ হওয়ার স্থানটি পাথরঘাটা থানার আওতাভুক্ত না হওয়ায় এ ঘটনায় কোনো মামলা নেওয়া হয়নি।
