প্রকল্প কর্মকর্তাদের অর্থ ব্যয়ের ক্ষমতা বাড়ছে
প্রকল্প বাস্তবায়নে আরও অর্থ ব্যয়ের ক্ষমতা পাচ্ছেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অর্থ বিভাগের এ প্রস্তব নীতিগত অনুমোদন পায়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদিকদের বলেন, ‘উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সংক্রন্ত আর্থিক ক্ষমতা অর্পণ’ এবং ‘অনুন্নয়ন বাজেটের আর্থিক ক্ষমতা অর্পণ ও পুনঃঅর্পণ’ সংক্রান্ত পরিপত্র সংশোধনের এই প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে।
“এর ফলে মন্ত্রণালয়ের ক্ষমতা আগের মতো রাখা হলেও অধিদপ্তর, সংস্থা, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা; প্রকল্প পরিচালকদের অর্থ ব্যয়ের ক্ষমতা বাড়ছে।”
‘উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সংক্রন্ত আর্থিক ক্ষমতা অর্পণ’ নিয়ে ২০০৪ সালে একটি পরিপত্র জারি করে সরকার। আর অনুন্নয়ন বাজেটের অর্থ ব্যয় নিয়ে অর্থ বিভাগ ২০০৫ সালে পরিপত্র জারি করে।
২০০৮ সালে পরিপত্র দুটি সংশোধন করা হয় জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “সরকারের কাজ ও বাজেট বেড়েছে। এডিপির আকার বাড়ায় ব্যয়ও বেড়েছে। তাই নতুন করে খসড়া করেছে অর্থ বিভাগ।”
সরকারের পূর্তকাজ বা মালামাল কেনার ক্ষেত্রে ৫০ কোটি টাকা এবং বুদ্ধিবৃত্তিক কাজের ক্ষেত্রে ১০ কোট টাকা পর্যন্ত অনুমোদন দিতে পারে মন্ত্রণালয়। টাকার পরিমাণ এর বেশি হলে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন নিতে হয়।
অর্থ বিভাগ মন্ত্রণালয়ের আর্থিক ক্ষমতা বাড়ানোর প্রস্তাব করলেও মন্ত্রিসভা তাতে সায় দেয়নি বলে জানান সচিব।
“মন্ত্রিসভা বলেছে, প্রস্তাবগুলো মন্ত্রিসভা কমিটিতে এলে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সিদ্ধান্তের গুণগত মান বাড়ে, ভুলত্রুটি হওয়ার আশঙ্কা কমে। স্বচ্ছতা-জবাবদিহিতাও বাড়ে।”
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অর্থ ব্যয়ের ক্ষমতা কতটুকু বাড়ছে মন্ত্রিসভা তা নির্ধারণ করেনি জানিয়ে মোশাররাফ বলেন, অর্থমন্ত্রী প্রকল্প বিবেচনা করে এ সিদ্ধান্ত দেবেন।
“মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অর্থ ব্যয়ের ক্ষমতা বাড়ানো হলে মাঠ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া তরান্বিত হবে, উন্নয়ন কাজে গতি আসবে বলে মনে করছে মন্ত্রিসভা।”
অর্থ ব্যয় সংক্রান্ত পরিপত্র সংশোধনের প্রস্তাব অর্থমন্ত্রী নিজেই অনুমোদন করতে পারেন। তবে গুরুত্ব বিবেচনা এবং সংশ্লিষ্ট কিছু বিষয় মন্ত্রিসভা কমিটিতে আসায় তা অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে তোলা হয়েছে বলে জানান সচিব।
তিনি জানান, ২০১৪ সালের ১৪ জুলাই ‘বাংলাদেশ রেলওয়ে বোর্ড (রহিতকরণ) আইন ২০১৪’ মন্ত্রিসভার নীতিগত অনুমোদন পেয়েছিল। কিন্তু যাচাই-বাছাইয়ের পর আইন মন্ত্রণালয় বলেছে, এ আইনের প্রয়োজনীয়তা নেই।
“এ কারণে মন্ত্রিসভা এর আগে দেওয়া নীতিগত অনুমোদনটি বাতিল করেছে।”
এছাড়া রোববার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়া প্রধামন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদারকে মন্ত্রিসভা ধান্যবাদ জানিয়ে প্রস্তাব গ্রহণ করেছে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।
তিনি বলেন, “মন্ত্রিসভা আবদুস সোবহানের কাজের প্রশংসা করেছে।”
প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সোহবান ৩৪ বছরের চাকরি জীবনে জনপ্রশাসন ও স্বরাষ্ট্র সচিবের দায়িত্বও পালন করেছেন।
