২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে প্রাইভেটকারে পেট্রোল বোমায় এক ব্যক্তি দগ্ধ

চট্টগ্রামে পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকায় প্রাইভেটকারে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হয়েছেন এক আরোহী। একই সময় ভাঙচুর করা হয় একটি ট্রাক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 09:08 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

রোববার রাত সোয়া ৭টার দিকে আতুরার ডিপো এলাকায় সঙ্গীতা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

দগ্ধ কামরুল হাসান (৪০) হাটহাজারী উপজেলার ফতেয়াবাদের বাসিন্দা। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোয়া ৭টার দিকে সঙ্গীতা সিনেমা হলের সামনে একটি প্রাইভেটকারে পেট্রোল বোমা হামলা ও রাস্তায় পার্ক করা একটি ট্রাকে ভাঙচুরের ওই ঘটনায় একজনকে আটক করা হয়।

তবে আটক ব্যক্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি মহিউদ্দিন মাহমুদ।

আহত কামরুল মুখে ও হাতে সামান্য আঘাত পেয়েছেন বলে জানান ওসি মহিউদ্দিন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৮টার দিকে কামরুলকে হাসপাতালে ভর্তি করা হয়।