নোয়াখালীতে সার্জেন্ট জহুরুল হককে স্মরণ
নোয়াখালীতে নানা আয়োজনের মধ্যদিয়ে সার্জেন্ট জহুরুল হকের ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার সকালে জহুর-ওদুদ স্মৃতি পরিষদ নোয়াখালী টাউন হলে আলোচনা সভা ও চিত্রাংকণ প্রতিযোগিতার আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধকালীন বিএলএফ এর বৃহত্তর নোয়াখালী জেলার উপ-অধিনায়ক ও জহুর-ওদুদ স্মৃতি পরিষদের সভাপতি মো. মমিন উল্যা।
জহুর-ওদুদ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মিয়া মো. শাহজাহানের সঞ্চালনায় আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার মোজাম্মেল হক মিলন, ডেপুটি কমান্ডার মমতাজুল করিম বাচ্চু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক কাজী মানছুরুল হক খসরু, বিএমএ সাধারণ সম্পাদক ডা. আবদুস ছাত্তার ফরায়েজী বাবুল, শহীদ সার্জেন্ট জহুরুল হকের চাচাত বোন ফাতেমা হক প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার ৪৬ বছরেও তার নিজ জেলা নোয়াখালীতে এই বীর শহীদের স্মৃতি রক্ষার্থে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
সোনাপুর জেলা পরিষদ কলোনিতে তার পৈত্রিক বাড়ির ঘরটিও জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে।
সার্জেন্ট জহুরের স্মৃতিবিজিড়িত বাড়িটি সংরক্ষণ, শহীদ সার্জেন্ট শহুরের নামে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামকরণ ও জেলা শহরে তার ভাস্কর্য নির্মাণের দাবি জানান তারা।
আলোচনা শেষে চিত্রাংকণ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ দেওয়া হয়।
সার্জেন্ট জহুরের স্মৃতি রক্ষার দাবি
নোয়াখালী শহরের সোনাপুরে জহুরের পৈত্রিক বাড়ির পাহারাদার মো. হানিফ (৬০) জানান, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় জেলা পরিষদ বাড়িটি ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছিল। তখন এলাকাবাসী প্রতিবাদমুখর হয়ে ওঠেন এবং শেষ পর্যন্ত হাইকোর্টে রিট করার পর বাড়িটি রক্ষা পায়।
হানিফ বলেন, এক সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের সংগঠক মেজর জলিল, আ.স.ম. আবদুর রব, শাহজাহান সিরাজ, আবদুল কুদ্দুস মাখন, নূরে আলম জিকুসহ অসংখ্য জাতীয় নেতার যাতায়াত ছিল এই বাড়িতে।
সার্জেন্ট জহুরুল হকের প্রতিবেশী আবুল হাশেম (৭০) জানান, অন্যায়ের সঙ্গে আপোষ করেননি বলে সার্জেন্ট জহুরকে জীবন দিতে হয়েছে। প্রয়োজনীয় উদ্যোগের অভাবে তার সম্পর্কে নতুন প্রজন্মের অনেকেই জানে না।
সরকার যায় সরকার আসে কিন্তু সার্জেন্ট জহুরের স্মৃতি রক্ষায় কোনো সরকারই এগিয়ে আসেনি বলে তিনি জানান।
জহুরুল হকের চাচাত বোন ফাতেমা হক বলেন, “আমার ভাইকে দিয়ে পাকিস্তানী সামরিক জান্তা বঙ্গবন্ধুর বিরুদ্ধে সাক্ষ্য আদায় করতে চেয়েছিল। তিনি তা করেননি বলেই ওরা তাকে হত্যা করে। অথচ তার স্মৃতি রক্ষায় এ জেলায় কিছুই করা হলো না।”
শহীদ জহুর-ওদুদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মিয়া মো. শাহজাহান বলেন, কয়েক বছর আগে জেলা শহরে শহীদ সার্জেন্ট জহুরুল হকের স্মৃতি রক্ষায় একটি ভাষ্কর্য করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটিও করা হয়েছিল। কিন্তু কাজটি আর করা হয়ে ওঠেনি।
তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হকের নামে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামকরণ ও শহরে তার ভাষ্কর্য় স্থাপনের দাবি জানান।
জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা
১৯৩৫ সালের ৯ ফেব্রুয়ারি নোয়াখালী শহরের সোনাপুরে জন্মগ্রহণ করেন জহুরুল হক। ১৯৫৩ সালে নোয়াখালী জিলা স্কুল থেকে মেট্রিক পাস করেন। ওই বছরই যোগ দেন পাকিস্তান বিমান বাহিনীতে। পর্যায়ক্রমে পদোন্নতি পেয়ে হন ফ্লাইট সার্জেন্ট।
পাকিস্তান সরকারের বিরুদ্ধে বাঙালির সংগ্রামে যুক্ত থাকায় ১৯৬৭ সালের ডিসেম্বরে গ্রেপ্তার হন জহুর।
এররপ আগরতলা ষড়যন্ত্র মামলা (রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য) দায়ের করা হয়। ওই মামলার প্রধান আসামি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। মামলায় ৩৫ জন আসামির মধ্যে সার্জেন্ট জহুরুল হক ছিলেন ১৭ নম্বরে।
ওই মামলার বিচারকাজ চলাকালে ১৯৬৯ এর ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা ক্যান্টমেন্টে বন্দি শিবিরের সামনে সৈনিকদের খাবারের উচ্ছিষ্ট সংগ্রহ করতে আসা শিশুদের অমানুষিক নির্যাতন করছিল পাকিস্তানী সেনারা।
এর প্রতিবাদ করলে বন্দি সার্জেন্ট জহুরুল হকের সঙ্গে হাবিলদার মনজুর শাহর কথা কাটাকাটি হয়।
এর জেরে পরদিন ১৫ ফেব্রুয়ারি ভোরে সার্জেন্ট জহুর ঘর থেকে বের হলে মনজুর শাহ তাকে গুলি করেন। পেটে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করা হয় তাকে।
সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে ওই রাতেই তার মৃত্যু হয়।
