মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কনস্টেবলসহ নিহত ২
মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক কনস্টেবলসহ দুইজন নিহত হয়েছেন, আহত হন আরও তিনজন।
রোববার ভোরে উপজেলার কেওটচিরায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পুলিশ কনস্টেবলহ আব্দুর রাজ্জাক (৪২) ও প্রাইভেটকার চালক আব্দুস সালাম (৪০)।
রাজ্জাকের স্ত্রী আমেনা খাতুন (৩৮), ছেলে মো. রাতুল (০৮) ও ভাগ্নে মো. আসলামকে (৩৫) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীনগরের হাষাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মনির হোসেন জানান, প্রাইভেটকারটি ঢাকা থেকে গোপালগঞ্জের কাশিয়ানিতে যাচ্ছিল। পথে ঢাকা-মাওয়া মহাসড়কের ঢাকাগামী সুন্দরবন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
তিনি বলেন, রাজধানীর রমনা থানায় কর্মরত কনস্টেবল রাজ্জাক মায়ের মৃত্যুর খবর শুনে কর্মস্থল থেকে প্রাইভেটকারে করে সপরিবারে গ্রামের বাড়ি কাশিয়ানি উপজেলার হিরন্ময় কান্দি যাচ্ছিলেন।
শ্রীনগর থানার ওসি শেখ মাহাবুবুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
