রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
রাজধানীর বাড্ডা, মিরপুর ও মুগদায় পৃথক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- মহানারী সরকার (৪০), কবির হোসেন বজলু (২৫) ও জসিম উদ্দিন (২৫)।
মহারানী সরকারের স্বামী নরেন্দ্র সরকারের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, রোববার সকাল ৯টার দিকে বাড্ডা পাটখোলায় নিজের বাসার সামনে দুর্ঘটনার শিকার হন এই নারী।
“একটি আটোরিকশা দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা মহারানীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এর আগে ভোরের দিকে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে লফিয়ে বের হওয়ার সময় চাকার নিচে পড়ে প্রাণ হারান বজলু নামের এক চালক।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, সেনপাড়ার দিকে যাওয়ার পথে বজলুর ট্রাক দুর্ঘটনায় পড়ে। নিজের গাড়ির চাকায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বজলুর গ্রামের বাড়ি ভোলার লালমোহনে। ঢাকায় মোহাম্মদপুরের ট্রাক উদ্যানের পাশে কালামের বস্তিতে তিনি থাকতেন।
সকাল ৭টার দিকে কমলাপুর স্টেডিয়ামের পশ্চিম পাশে গাড়িচাপায় মৃত্যু হয় জসিম উদ্দিন নামে এক পত্রিকা হকারের।
মুগদা থানার এসআই সিরাজ উদ দৌল্লা জানান, সাইকেল চালিয়ে যাওয়ার পথে একটি গাড়ি পেছন থেকে জসিমকে চাপা দেয়।
জসিমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ায়। কোন গাড়ি তাকে চাপা দিয়েছে তা সনাক্তের চেষ্টা চলছে বলে এসআই সিরাজ জানান।
তিনটি মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
