লক্ষ্মীপুরে ঝটিকা মিছিল থেকে ভাংচুর-বোমাবাজি, আটক ৫
লক্ষ্মীপুর জেলা সদরে অবরোধ-হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল থেকে গাড়ি ভাংচুর ও বোমাবাজির ঘটনা ঘটেছে।
রোববার সকাল সোয়া ৮টার দিকে আবিরনগর এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কের এ ঘটনায় পরিস্থিতি সামলাতে লাঠিপেটা ও ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার মো. নাসিম মিয়া জানান, মিছিল থেকে নাশকতা করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় তিন শিবিরকর্মীকে আটক করা হয়।
এর আগে দাসের হাট এবং রায়পুরের রাখালিয়া এলাকায় অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করে পুলিশ।
আটকদের মধ্যে তিনজন শিবিরকর্মী বলে পুলিশ জানিয়েছে। তারা হলেন-এমরান, মামুন ও পিয়াস। বাকি দুজনের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, সকাল ৮টার দিকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিয়ার রাস্তার মাথা এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে।
পরে মিছিলকারীরা আবিরনগরে মহাসড়কে একটি লেগুনা ভাংচুর করে এবং দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
খবর পেয়ে ডিবি পুলিশ সেখানে গিয়ে মিছিলকারীদের লাঠিপেটা এবং ধাওয়া করে। এক পর্যায়ে পুলিশ আশপাশের বাড়িতে ঢুকে লোকজনকে মারধর করে এবং ফাঁকা গুলি ছুড়ে।
