জয়পুরহাটে অস্ত্রসহ গ্রেপ্তার ২
জয়পুরহাটের পাঁচবিবি থেকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প কমান্ডার মেজর আব্দুর রহিম জানান, রোববার ভোর রাতে উপজেলার চানপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন মেহবুব রহমান (৩৯) ও রকিবুল ইসলাম। দুজনের বাড়িই বগুড়া। মেহবুব হত্যা মামলার আসামি বলে র্যাব জানিয়েছে।
মেজর আব্দুর রহিম জানান, গ্রেপ্তারদের দেহ তল্লাশি করে ১টি বিদেশি রিভলবার, ২৬ রাউন্ড গুলি, ৬৩ হাজার ৫০০ টাকা, তিনটি মোবাইল ফোন সেট ও দুইটি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
তাদের ব্যবহার করা মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
র্যাব কর্মকর্তা আরও বলেন, মেহবুব ও রকিবুল বগুড়া থেকে হত্যাসহ নাশকতার উদ্দেশ্যে জয়পুরহাটের দিকে আসছিল বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ঘটনায় সকালে মামলা দিয়ে উদ্ধারকৃত অস্ত্র ও মালামালসহ আসামিদের পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
