২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলা নিয়ে ঝগড়া, গুলিতে যুবকের মৃত্যু

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ব্যাডমিন্টন খেলা নিয়ে কথাকাটাকাটির জেরে প্রতিপক্ষের গুলিতে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ছেলের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 11:56 AM

Updated : 22 Aug 2022, 11:43 AM

শনিবার রাত পৌনে ৮টার দিকে মোল্লারকুল গ্রামে এ ঘটনা ঘটে বলে মোল্লাহাট থানার ওসি আনম খায়রুল আনাম জানান।  

নিহত রুবেল কাজী (২৬) সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী  লীগের সভাপতি লায়েক কাজীর ছেলে।

ওসি জানান, নিহতের বুকে ‘অসংখ্য ছররাগুলির’ চিহ্ন রয়েছে। রোববার সকালে বাগেরহাট সদর হাসপাতালে লাশের ময়না তদন্ত করা হয়েছে। তবে বেলা ১২টা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মোল্লাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল আলম ছানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সকালে হাফিজুল খাঁকির ছেলে মুহিদ এবং ফরিদ খাঁকির ছেলে খালিদের মধ্যে ব্যাডমিন্টন খেলা নিয়ে কথা কাটাকাটি হয়।

পরে বেলা ১২টার দিকে হাফিজুল তার লোকজন নিয়ে ফরিদের বাড়িতে হামলা চালায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদ তার লোকজন নিয়ে নিজের বাড়িতে এক বৈঠকে বসেন। এ খবর জানতে পেরে হাফিজুল বন্দুক ও লোকজন নিয়ে দ্বিতীয় দফায় হামলা চালাতে যান। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে গুলিবিদ্ধ হয়ে মারা যান রুবেল।  

ওসি খায়রুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই পরিবার পরস্পরের আত্মীয়। তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল।

“শনিবার হাফিজুল তার ভাই মোশারেফ খাঁকির লাইসেন্স করা বন্দুক দিয়ে এলোপাতাড়ি গুলি চালালে ফরিদের সঙ্গী রুবেলের বুকে গুলি লাগে।”

পরে তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনায় জড়িতরা সবাই পলাতক বলে জানিয়েছে পুলিশ।