রাঙ্গুনীয়ায় ছাত্রলীগকর্মী খুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ছাত্রলীগের স্থানীয় এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
শনিবার বিকেল ৫টার দিকে পোমরা ইউনিয়নের মাইলের হাট বাজারে এ ঘটনা ঘটে।
নিহত জসিম উদ্দিন (৩২) পোমরা ইউনিয়নের গোছরা চৌমুহনীর বেবী চৌধুরীর ছেলে। তিনি ছাত্রলীগ করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
নিহতের ভগ্নিপতি মো. দিদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেলের দিকে জসিম মাইল্যের হাট বাজারে চায়ের দোকানে বসে চা খাচ্ছিল।
এমন সময় একটি সিএনজি চালিত অটোরিকশায় পাঁচজন যুবক এসে হঠাৎ দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি জসিমকে কোপালে সে গুরুতর আহত হয়।
জসিম পোমরা ইউনিয়ন ছাত্রলীগকর্মী বলে দাবি করেন তার ভগ্নিগতি দিদার।
রাঙ্গুনীয়া থানার ওসি হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানান, সাড়ে ৭টার দিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করে।
