২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় পুলিশের গাড়িতে হাতবোমা নিক্ষেপ

মাগুরার শালিখা উপজেলায় পুলিশের গাড়িকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করেছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2015, 10:19 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

শনিবার বিকালে উপজেলার সীমাখালী বাজারে মিছিলের জন্য সমবেত বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টাধাওয়া হয়। এ সময় এক পুলিশ সদস্যসহ চার জন আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা ও শটগানের গুলি ছুড়ে পুলিশ।

মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, সীমাখালী বাজারে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সমবেত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। এ সময় তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে হাতবোমা ও ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

এ সময় এক পুলিশ আহত হওয়ার কথা জানালেও বিএনপি কর্মী আহত হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি।

তবে শালিখা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনা সর্দার দাবি করেন, পুলিশের গুলিতে শহর আলী, আলমগীর হোসেন ও ফরিদ উদ্দিন নামে তাদের তিন কর্মী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৫টার দিকে বিএনপি-জামায়াত কর্মীরা মিছিল করার জন্য সীমাখালী বাজারে সমবেত হওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ সীমাখালী বাজারে গেলে বিএনপি-জামায়াত কর্মীরা তাদের বহনকারী গাড়ি লক্ষ্য করে হাতবোমা ও ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে।