জমি নিয়ে বিরোধে সৎ ভাইয়ের হাতে খুন
নওগাঁর মহাদেবপুরে জমি নিয়ে বিরোধের জেরে সৎ ভাইয়ের লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত আবু তাহের (৬২) উপজেলার তিলন গ্রামের মৃত খাদেম আলীর ছেলে।
মহাদেবপুর থানার এসআই ইকবাল পাশা জানান, শনিবার সকালে তাহেরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোয়া চার শতক জমি নিয়ে সৎ ভাই হায়দার আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে তাহেরের বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার বিকাল ৫টার দিকে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
“এক পর্যায়ে হায়দার, তার ছেলে সেকেন্দারসহ পরিবারের অন্যরা বাঁশের লাঠি নিয়ে তাহেরের ওপর হামলা করে। তাহেরের ছেলে এমরান হোসেন তার বাবাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও বেদম মারধর করা হয়।"
ঘটনার পরপর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাহেরকে মহাদেবপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহাদেবপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় এমরান বাদী হয়ে হায়দার আলীসহ সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। হায়দার ও সেকেন্দার ঘটনার পর থেকেই পলাতক।
