ব্রাহ্মণবাড়িয়া-গাজীপুরে আগুনে পুড়ল দোকান-গুদাম
ব্রাহ্মণবাড়িয়া শহরে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান এবং গাজীপুরে একটি ঝুটের গুদাম পুড়ে গেছে।
এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া শহরের ছাতিপট্টি এলাকায় একটি মার্কেটে আগুন লাগে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে।
আর গাজীপুর সিটি করপোরেশনের নলজানি গ্রেটওয়াল সিটি আবাসিক এলাকায় অগ্নিকাণ্ড হয় শুক্রবার রাতে।
এই দুই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে ব্রাহ্মণবাড়িয়া ও গাজীপুরের জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মুজিবুর রহমান চৌধুরী জানান, সকাল সাড়ে ৯টার দিকে শহরের ছাতিপট্টি এলাকায় কয়েকটি ফার্মেসি ও জুতার দোকানে আগুন লাগে।
খবর পেয়ে জেলা সদর, আশুগঞ্জ ও আখাউড়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করলেও ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
এদিকে জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শাহীন আলম জানান, শুক্রবার রাত ১০টার দিকে সিটি করপোরেশনের নলজানি গ্রেটওয়াল আবাসিক এলাকায় একটি গুদামে আগুন লাগে।
মূহুর্তে আগুন গুদামের ভেতরে থাকা ঝুট, রাসায়নিকের ড্রাম, কার্টন ও তৈরি পোশাক খাতের বিভিন্ন মালামালে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান অগ্নিনির্বাপক বাহিনীর কর্মকর্তা শাহীন।
আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
