নরসিংদীতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে নিহত ৩
নরসিংদীতে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি নৌকা ডুবে শিশুসহ তিনজন মারা গেছেন।
সদর উপজেলার শ্রীনগর গ্রাম সংলগ্ন নদীতে শুক্রবার রাত ৯টায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতদের মধ্যে জিসান (৮) ও আম্বিয়া বেগম (৬০) নামে দুজনের নাম জানা গেছে।
নরসিংদী সদর মডেল থানার ওসি আবুল কাশেম সাংবাদিকদের বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে ছেড়ে আসা লঞ্চটি নদীতে নৌকাটিকে ধাক্কা দিলে নৌকার সাত আরোহীর সবাই ডুবে যান।
স্থানীয়রা তুলে আনার পর ঘটনাস্থলেই একজন মারা যান। অন্য দুজনকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক রবিউল আজম তাদের মৃত ঘোষণা করেন।
নৌকার অন্য চার আরোহী আহত হলেও প্রাথমিক চিকিৎসা নিয়েই তারা বাড়িতে ফিরে যান বলে পুলিশ জানিয়েছে।
