কারাভোগে শেষে দেশে ফিরেছে ১০ নারী-শিশু
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন ১০ নারী-শিশু।
শুক্রবার বিকালে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তাদের উপস্থিতিতে বেনাপোল সীমান্ত দিয়ে তাদের হস্তান্তর করে বিএসএফ।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দালালরা অবৈধ পথে তাদেরকে ভারতে পাচার করে।
কাজের সন্ধানে মুম্বাই শহরে ঘোরাঘুরির সময় পুলিশের হাতে গ্রেপ্তার হন তারা। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়। কারাদণ্ডের মধ্যে এক বছর থেকে সাড়ে তিন বছর মেয়াদ পর্যন্ত রয়েছে।
সাজাভোগ শেষে মুম্বাই ভিত্তিক বেসরকারি সংস্থা ‘ওয়েস্ট বেঙ্গল শেল্টার হোম’ ওই সকল বাংলাদেশিদের নিজেদের হেফাজতে নেয়। পরে ভারত সরকারের দেওয়া বিশেষ ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে তারা দেশে ফেরেন।
সন্ধ্যায় তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ইমিগ্রেশন পুলিশের ওই কর্মকর্তা।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধি নাসিমা খাতুনের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওই সংগঠন তাদেরকে পরিবারের হাতে তুলে দিবেন বলে জানান ওসি অপূর্ব হাসান ।
