বাসে অগ্নিসংযোগকালে একজন গুলিবিদ্ধ, দুই বোমাবাজকে পিটুনি
বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে আগুন দেওয়ার সময় পুলিশের গুলিতে এক যুবক আহত হয়েছেন।
এছাড়া শাহবাগে দুই বোমাবাজকে ধরে পিটুনি দিয়েছে জনতা।
বৃহস্পতিবার রাতে দুই ঘটনায় আহত তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান।
তিনি বলেন, হাঁটুতে গুলিবিদ্ধ আতাউর রহমানকে (২৫) রাত ৯টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়।
আর পিটুনিতে আহত দুজনকে প্রাথমিক চিকিৎসার পর শাহবাগ থানায় নেয়া হয়েছে।
ওই দুজনের পরিচয় জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা মোজাম্মেল।
তিনি বলেন, “আতাউর যাত্রাবাড়ীতে একটি বাসে আগুন দিতে গিয়ে গুলিবিদ্ধ হন। পরে রাত ১০টার দিকে শাহবাগ শিশুপার্কের কাছে হাতবোমা ছোড়ার সময় দুইজনকে ধরে পিটুনি দেয় সেখানে উপস্থিত লোকজন।”
