আবারও অনুরোধ শিক্ষামন্ত্রীর
হরতাল ও অবরোধ কর্মসূচি দিয়ে শিক্ষার্থীদের পরীক্ষা-ক্লাস বাধাগ্রস্ত না করতে আবারও অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার দুপুরে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন ও ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশ প্রতিনিধি বারবারা উইকহ্যাম উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “আমি কাউকে চিহ্নিত করে বলেছি না, বিনীতভাবে অনুরোধ জানাছি, আপনারা আমাদের ছেলেমেয়েদের ক্লাস-পরীক্ষা যাওয়াকে বাধাগ্রস্ত করবেন না। তাদের বাধাগ্রস্ত করা মানে আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করা।”
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে যুক্তরাজ্যের শিক্ষা বিষয়ক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বলছিলেন নুরুল ইসলাম নাহিদ।
গত ৫ জানুয়ারি থেকে বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। অবরোধ থাকলেও নতুন করে হরতাল কর্মসূচি দেওয়ায় ইতোমধ্যে কয়েকটি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।
শুরু থেকেই শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষার মধ্যে অবরোধ ও হরতালের মতো কর্মসূচি দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আসছেন।
সম্প্রতি তিনি পরীক্ষার তিন ঘণ্টাসহ আগে ও পরে দুই ঘণ্টা করে কর্মসূচি শিথিল করার অনুরোধও জানিয়েছিলেন।
নাহিদ বলেন, “হুমকি-অনিশ্চয়তার মধ্যে দিয়ে ছেয়েমেয়েরা বেড়ে উঠছে। আগামী ২৫-৩০ বছর পর তারাই দেশকে নেতৃত্ব দেবেন, বাংলাদেশে গড়ে তুলবে।
“এখনই যদি তারা মানসিকভাবে আতঙ্কগ্রস্ত থাকে ভয়-ভীতির মধ্যে থাকে, এবং পরীক্ষা দিতে না পারে, স্কুল কলেজ যাওয়ার ভয়ের মধ্যে থাকেন, তাহলে আমাদের জাতিকে ভবিষ্যতে ৩০/৪০ বছর ধরে এর খেসারত দিতে হবে।”
বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, “আমি খুব চিন্তিত। এখন দেশে এমন পরিস্থিতি চলছে, মানুষের জীবনের নিরাপত্তা নেই। অস্বাভাবিক ভাবে শতাধিক মানুষের মৃত্যু ঘটেছে, যা বেদনাদায়ক।”
শিক্ষা প্রদর্শনীতে যুক্তরাজ্যের মোট ৩৮টি স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
হোটেল সোনারগাঁওয়ে ১২ ও ১৩ ফেব্রুয়ারি এই প্রদর্শনী চলবে। এ ছাড়া চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় ১৫ ফেব্রুয়ারি ও সিলেটের রোজ ভিউ হোটেলে ১৮ ফেব্রুয়ারি এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
