২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার মামলায় ছাত্রদল নেতা রিমান্ডে

নাশকতার নির্দেশ ও পরিকল্পনার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়কসহ তিন নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে (রিমান্ডে) নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 08:56 PM

Updated : 26 Jul 2022, 11:55 AM

বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাঈদুজ্জামান শরীফ এ আদেশ দেন।

এরা হলেন, জেলা ছাত্রদল আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব এবং কর্মী রফিকুল ইসলাম রফিক ও গাজী মিয়া।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ফতুল্লা থানায় দায়ের করা মামলায় তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ।

বিকালে শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

ফতুল্লা মডেল থানার এএসআই ফরিদা খানম টগর জানান, বুধবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের লামাপাড়া এলাকা থেকে পেট্রোল বোমাসহ রফিক ও গাজীকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, নাশকতার জন্য মাসুকুল রাজীবের পরিকল্পনা ও নির্দেশনায় তারা পেট্রোল বোমা বহন করছিলেন। এরই ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে মাসুকুল রাজীবকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় তিনি বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি মামলা করেন, বলেন এএসআই ফরিদা।