যশোরে চিকিৎসক শামারুখ ‘হত্যার’ বিচার দাবি
যশোরের সাবেক সাংসদ খান টিপু সুলতানের পুত্রবধূ চিকিৎসক শামারুখ মাহজাবিন ‘হত্যার’ বিচার দাবি করেছে তার পরিবার।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহরের মুজিব সড়কে সার্কিট হাউজের সামনে এক মানববন্ধন করে এ দাবি জানান তারা।
এতে পরিবারের সদস্য ও শুভাকাক্ষীরা ছাড়াও বেসরকারি সংস্থা আরআরএফ এবং মহিলা পরিষদের কর্মীরা অংশ নেন।
যশোর জেলা আওয়ামী লীগের সম্মেলনে ঢাকা থেকে আসা মন্ত্রিপরিষদ সদস্য ও দলীয় নেতারা সার্কিট হাউজে অবস্থানকালে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধন চলাকালে মন্ত্রী, নেতা ও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের কর্মীরা ওই পথ দিয়ে সম্মেলনস্থল জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে যান।
শামারুখের বাবা নূরুল ইসলাম বলেন, বিচার দাবিতে মন্ত্রী ও নেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
গত ১৩ নভেম্বর রাজধানীর ধানমণ্ডিতে সাবেক আওয়ামী লীগ সাংসদ টিপু সুলতানের বাসা থেকে পুত্রবধূ শামারুখকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টিপু সুলতানের পরিবার এ ঘটনাকে আত্মহত্যা দাবি করলেও শামারুখের বাবার অভিযোগ, তার মেয়েকে হত্যা করা হয়েছে।
রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় নূরুল ইসলাম শুরু থেকেই সাবেক সাংসদ খান টিপু সুলতান, তার স্ত্রী রাজধানীর হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজের চিকিৎসক জেসমিন আরা বেগম ও জামাতা হুমায়ুন সুলতানকে দায়ী করে আসছিলেন।
ঘটনার দিনই নিহত শামারুখের স্বামী ও শ্বশুর-শাশুড়িকে আসামি করে হত্যা মামলা করেন শামারুখের বাবা। আসামিরা সবাই জামিনে আছেন।
এ ঘটনায় প্রথমবার করা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ময়নাতদন্ত প্রতিবেদন শামারুখ আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করা হয়।
এই প্রতিবেদন চ্যালেঞ্জ করে মাহজাবিনের বাবা নূরুল ইসলাম আদালতের আশ্রয় নিলে ঢাকা মহানগর মুখ্য হাকিম কবর থেকে লাশ উত্তোলন করে দ্বিতীয় দফা ময়নাতদন্তের নির্দেশ দেন।
ডিসেম্বর মাসে কবর থেকে লাশ উত্তোলন করে পুনঃময়নাতদন্ত শেষে ‘মৃত্যুর কারণ জানা গেল না’ বলে প্রতিবেদন দেওয়া হয়।
